, , ।
স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের বই পড়ার মাধ্যমে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির মূল্যায়ন পর্বে কৃতিত্ব অর্জনকারী রাজশাহী মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই হাজার ১২০ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
শনিবার দিনব্যাপী রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ বর্ণাঢ্য পুরস্কার বিতরণ উৎসব চলছে। এতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ বিশ্বসাহিত্য কেন্দ্রের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিশ্বসাহিত্য কেন্দ্র সূত্রে জানা যায়, গত বছর রাজশাহী মহানগরের ৪৯টি স্কুলের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী বইপড়া কর্মসূচিতে অংশগ্রহণ করে। কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের পাঠাভ্যাস ও জ্ঞান অর্জনের মূল্যায়ন করা হয়। মূল্যায়ন পর্বে কৃতিত্ব অর্জনকারী ২ হাজার ১২০ শিক্ষার্থীকে এবার পুরস্কৃত করা হয়েছে। তিনটি ক্যাটাগরিতে এসব শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ ক্ষেত্রে পবা উপজেলার নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের ১১৩ জন শিক্ষার্থী পুরস্কার অর্জন করেছেন।
দুইজন সেরা পাঠকের পুরস্কার পাওয়া নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী আফিয়া খাতুন ও ফারজানা বলেন, ‘বিশ্বসাহিত্য কেন্দ্রের এমন উদ্যোগ আমাদের বই পড়ার দিকে ধাবিত করছে। বই পড়ার মাধ্যমে আমরা অনেক নতুন নতুন বিষয় জানতে পারছি এবং নিজেদের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারছি’। তারা চাই বিশ্বসাহিত্য কেন্দ্রের এমন উদ্যোগ বাংলাদেশের প্রতিটি বিদ্যালয়ে ছড়িয়ে পড়ুক।’
নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুদ্দীন প্রামানিক বলেন, ‘শিক্ষার্থীদের মানসিক বিকাশ সাধনের জন্য বিশ্বসাহিত্য কেন্দ্রের মধ্যে বইপড়া কর্মসূচি অন্যতম। এতে শিক্ষার্থীদের আলাদা পাঠাভ্যাস গড়ে উঠে। যা জীবনের জন্য অত্যন্ত প্রয়োজন। তিনি আরও বলেন, ‘শুধু পরীক্ষার ফলাফল নয়, শিক্ষার্থীদের চিন্তাশক্তি, কল্পনাশক্তি, মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতা বিকাশে বই পড়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত বই পড়ার মাধ্যমে একজন শিক্ষার্থী নিজেকে আরও সমৃদ্ধ ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে পারে।’
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সামসুদ্দীন প্রামানিক, সহকারি শিক্ষক তারিকুল ইসলাম ও দর্পন চন্দ্র বর্মণ।