, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর তালাইমারিতে অবস্থিত ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১টার দিকে তিনি স্কুলটি পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠানের ভবন ও আশপাশের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
আরডিএ সূত্রে জানা গেছে, তালাইমারি চত্বরে অবস্থিত ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ভবনটি আরডিএর সম্পত্তি। ভবনটির যথাযথ রক্ষণাবেক্ষণ হচ্ছে কি না এবং এর আওতাধীন অব্যবহৃত স্থানগুলো সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে কি না, তা সরেজমিনে দেখতে চেয়ারম্যান এ পরিদর্শনে যান।
পরিদর্শনকালে আরডিএ চেয়ারম্যান ভবনের বিভিন্ন অংশের বর্তমান অবস্থা পরিদর্শন করেন। পাশাপাশি অব্যবহৃত জায়গাগুলো পরিকল্পিতভাবে ব্যবহারের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। আরডিএর সম্পত্তি নিয়মিত রক্ষণাবেক্ষণ ও যথাযথ ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
আবুল কালাম আজাদ সুইট বলেন, আরডিএর সম্পত্তি যথাযথভাবে সংরক্ষণ ও ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনো জায়গা যেন অব্যবহৃত অবস্থায় পড়ে না থাকে, সেদিকে সংশ্লিষ্টদের নজর দিতে হবে।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন আরডিএর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মসিউর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল তারিক, নগর পরিকল্পক রাহেনুল ইসলাম রনী, এস্টেট কর্মকর্তা বদরুজ্জামানসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।