, , ।
স্টাফ রিপোর্টার: একটি স্কুল ব্যাগ কখনো কখনো শুধু বই-খাতা বহনের মাধ্যম নয়, হয়ে ওঠে একটি শিশুর স্বপ্ন বহনের সঙ্গী। রঙ পেন্সিল, খাতা আর পেনসিলের মতো ছোট ছোট শিক্ষা উপকরণই শিশুর মনে পড়াশোনার প্রতি তৈরি করতে পারে নতুন আগ্রহ ও সৃজনশীলতার দরজা। সেই ভাবনা থেকেই রাজশাহীতে এক হাজার ৮০০ শিশুর হাতে তুলে দেওয়া হয়েছে স্কুল ব্যাগসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ।
সোমবার সকালে নগরীর সিটি চার্চে আয়োজিত অনুষ্ঠানে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এই অনুষ্ঠানের আয়োজন করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাজশাহী শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি)। প্রতিটি নির্বাচিত শিশুকে দেওয়া হয় একটি করে শিক্ষা উপকরণ প্যাকেজ। এতে ছিল একটি স্কুল ব্যাগ, একটি পেন বক্স, এক বক্স রঙ পেন্সিল, একটি শার্পনার, দুটি ড্রয়িং খাতা ও একটি পেন্সিল।
অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মুনজুরুম কাদির ও শিক্ষা কর্মকর্তা মো. রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাজশাহী ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র প্রোগ্রাম অফিসার নীলু বেগম, প্রোগ্রাম অফিসার ফিলিপ আরিন্দা, প্রোগ্রাম অফিসার রিপন হালদার, জুনিয়র প্রোগ্রাম অফিসার মোসা. শারমিন আক্তার সুরভী ও অর্জুন রায়সহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। নিবন্ধিত শিশু ও তাদের অভিভাবকরাও অনুষ্ঠানে অংশ নেন।