সর্বশেষ সংবাদ :

একযুগ পর: ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা

ঈশ্বরদী প্রতিনিধি: সুদীর্ঘ একযুগ পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার ২২ আগস্ট গভীর রাতে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব মাকসুদুর রহমান মাসুদ খন্দকার স্বাক্ষরিত জেলা বিএনপির দলীয় প্যাডে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ঈশ্বরদী উপজেলা বিএনপির আহবায়ক পদে জিয়াউল ইসলাম সন্টু সরদার ও সদস্য সচিব করা হয়েছে শরিফুল ইসলাম তুহিনকে। এছাড়াও ঈশ্বরদী পৌর বিএনপিতে মাহবুবুর রহমান পলাশকে আহবায়ক ও ইমরুল কায়েস সুমনকে সদস্য সচিব ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কমিটিতে দেখা যায় গত ১৬ আগস্ট তারিখে কমিটি স্বাক্ষরিত হলেও ২২ আগস্ট গভীর রাতে সেই কমিটি প্রকাশ করে পাবনা জেলা বিএনপি। প্রায় একযুগ পর হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিটি ঘোষণা হওয়ায় তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয় ঈশ্বরদীতে।
পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক জাকারিয়া পিন্টু সদ্য ঘোষিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির এ কমিটি নিয়ে তার ফেসবুক পেজে এক অদ্ভুত স্ট্যাটাস দেন।
তিনি সেখানে লিখেছেন, এতদিন যে পদ্ধতিতে খেলেছি সেটা আর চলবে না। এবার ইউরোপিয়ান স্টাইলে অলআউট খেলা হবে। হয় ছক্কা, না হয় ফক্কা। এতে তিনি তার অনুসারী নেতাকর্মীদের প্রস্তুত থাকার কথাও বলেছেন। তবে দীর্ঘদিন পর উপজেলা ও পৌর বিএনপির কমিটিতে একটি মাত্র গ্রুপকে প্রাধান্য দেওয়াটা সাংঘর্ষিক হয়েছে বলে মন্তব্য করেছেন একাধিক রাজনৈতিক বিশ্লষক। তারা বলছেন, দলকে সঠিক ভাবে পরিচালনা করতে কমিটিতে সমন্বয়ের প্রয়োজন ছিল।
উল্লেখ্য, ঈশ্বরদীতে বিএনপির রাজনীতি দুইটি গ্রুপে বিভক্ত রয়েছে। একটি পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব গ্রুপ। অপরটি পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক জাকারিয়া পিন্টু গ্রুপ। গ্রুপ দুটিতে দীর্ঘদিনের রাজনৈকিত টানা পোড়েন চলতে থাকলেও গত জাতীয় সংসদ নির্বাচনে দলের বাইরে গিয়ে জাকারিয়া পিন্টু স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করায় হাবিবুর রহমান হাবিব পরাজিত হয়েছেন দাবিতে এই টানাপোড়ন আরও দৃঢ় হয়েছে। তবে বর্তমানে উপজেলা ও পৌর কমিটি নিয়ে এই দুই গ্রুপের মধ্যে সংঘাতের সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেছেন স্থানীয়রা।


প্রকাশিত: August 24, 2026 | সময়: 4:38 am | সুমন শেখ

আরও খবর