সর্বশেষ সংবাদ :

সাব্বিরের ঝড়ো ব্যাটে বাংলাদেশ এইচপির জয়

স্পোর্টস ডেস্ক: হোবার্ট হারিকেনস একাডেমির বিপক্ষে রুদ্ধশ্বাস জয় পেয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। ২০ ওভারের ম্যাচে ২ বল হাতে রেখে ৩ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
জয়ের নায়ক সাব্বির রহমান। জাতীয় দল থেকে দীর্ঘ সময় দূরে থাকা এই ব্যাটার ৪৫ বলে খেলেছেন ৫৯ রানের ঝোড়ো ইনিংস। আগে ব্যাটিং করতে নেমে হোবার্ট হারিকেনস একাডেমি ২০ ওভারে ৭ উইকেটে ১৫৩ রান তোলে। হোবার্টের হয়ে সর্বোচ্চ ৭৮ রানের অপরাজিত ইনিংস খেলেন টিগ উইলি। ৫৩ বলে ৪ চার ও ৩ ছক্কায় নিজের ইনিংসটি সাজান এই ব্যাটার।
বাংলাদেশের বোলারদের মধ্যে মো. রুবেল ২৫ রানে শিকার করেন ৩ উইকেট। এ ছাড়া রিপন মণ্ডল নেন ২ উইকেট। আবু হায়দার রনি ও আব্দুল গাফফার সাকলাইন নেন একটি করে উইকেট। ১৫৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩৬ রানেই টপ অর্ডারের ৩ ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ এইচপি। এরপরও বিপদ কাটেনি, নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি।
তবে এক প্রান্ত আগলে রেখে একাই লড়াই করেন সাব্বির। তাঁর ব্যাটে চড়েই ১৯.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ এইচপি। ৪৫ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৫৯ রান করেন সাব্বির। শেষ দিকে আব্দুল গাফফার সাকলাইন ১৩ বলে ১৯ এবং আবু হায়দার রনি ৫ বলে ৮ রান করে অপরাজিত থাকেন।


প্রকাশিত: August 24, 2026 | সময়: 4:29 am | সুমন শেখ

আরও খবর