, , ।
ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহ আলম তুষার (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার শাহ আলম তুষার ঈশ্বরদী উপজেলার পাকশী বাজারপাড়া এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, ঈশ্বরদী উপজেলার সাহাপুর শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের সামনে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে ডিবি পুলিশের একটি দল রাত ২টার দিকে সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা তাকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি সাদা পলিথিনে রাখা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা বলে জানায় পুলিশ।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান জানান, গ্রেপ্তার শাহ আলম তুষারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০ (ক) ধারায় ঈশ্বরদী থানায় মামলা করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।