, , ।
বড়াইগ্রাম প্রতিনিধি: বড়াইগ্রামে বিআরটিসি কাউন্টারের নিয়ন্ত্রণ ও বাসে যাত্রী উঠানো নিয়ে দ্বন্দ্বে দফায় দফায় সংঘর্ষে ১০ বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় দুটি বাস কাউন্টার, একটি চা স্টল ও তিনটি মোটর সাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ও মঙ্গলবার রাতে বনপাড়া বাইপাস এলাকায় এসব ঘটনা ঘটে।
সংঘর্ষে জড়িয়ে পড়া শ্রমিক ও নেতাকর্মীরা জেলা বিএনপির সদস্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমান ও বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজুর অনুসারী বলে জানা গেছে।
সংঘর্ষে আহতরা হলেন, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হোসেন আলী ফকির (৫৬), পৌর বিএনপির ৭ নং ওয়ার্ড সভাপতি আকতার হোসেন (৫২), ৯ নং ওয়ার্ড সভাপতি রবিউল ইসলাম মৃধা (৫৫), পৌর কৃষক দলের সভাপতি মমতাজউদ্দিন শেখ (৫৪), বিএনপি কর্মী আসলাম হোসেন (৫০), যুবদল কর্মী সিয়াম হোসেন (৩৬), সোহেল (৫০), আমিন (৪২), নাজমুল (৩২) ও কাউন্টার মাস্টার নয়ন হোসেন (৩৫)। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আহত ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় বনপাড়া বাইপাস এলাকায় কাউন্টারের নিয়ন্ত্রণ ও যাত্রী উঠানো নিয়ে বিআরটিসি ও গোল্ডেন লাইন বাস কাউন্টারের শ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। পরে উভয়পক্ষই লোকজন নিয়ে সংঘর্ষে জড়ালে বিআরটিসির কাউন্টার ভাংচুর সহ কাউন্টার মাষ্টার নয়ন হোসেন ও পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হোসেন আলী ফকির আহত হন। এ ঘটনার জের ধরে বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে হোসেন আলীর অনুসারীরা কালিকাপুরের সিয়াম হোসেনকে মারপিট করে।
এ খবর ছড়িয়ে পড়লে কালিকাপুর ও বনপাড়া সরদারপাড়া এলাকার বিএনপি নেতাকর্মীরা একত্রিত হয়ে পালটা হামলা করে। এতে হোসেন আলীর অনুসারীদের মধ্যে কমপক্ষে আটজন আহত হন। এ সময় গোল্ডেন লাইন বাস কাউন্টার ও একটি চা স্টল সহ তিনটি মোটর সাইকেল ভাংচুর করেন তারা। পরে খবর পেয়ে র্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে, বিকালে জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি সানোয়ার হোসেন তুষার ঘটনাস্থল পরিদর্শন করে নেতাকর্মীদের শান্ত থাকতে আহ্বান জানান।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, মূলত যাত্রী উঠানো নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে শুনেছি। ঘটনাস্থলে র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।