সর্বশেষ সংবাদ :

ভিসা জটিলতায় ঝুলছে হকি দলের জার্মানি সফর

স্পোর্টস ডেস্ক: আসন্ন এশিয়ান গেমসের আগে বাংলাদেশ জাতীয় হকি দলের জার্মানি সফর নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। মূল কারণ ভিসা জটিলতা। এই সফর বাতিল হলে তা দলের প্রস্তুতির জন্য বিশাল এক ধাক্কা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ হকি ফেডারেশনের (বিএইচএফ) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য এই জার্মানি সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘আমরা এখনও আশা ছাড়ছি না, তবে জার্মানি সফরের যে প্রাথমিক পরিকল্পনা আমাদের ছিল, সেটা বাস্তবায়ন করা এখন বেশ কঠিন মনে হচ্ছে। যেহেতু আগের পরিকল্পনা অনুযায়ী যাওয়া সম্ভব হচ্ছে না, তাই আমরা এখন সূচি পুনর্র্নিধারণের চেষ্টা করছি।
সফরের সম্ভাবনা নিয়ে তিনি আরও বলেন, ‘সুযোগ এখন ফিফটি-ফিফটি (৫০-৫০)। আমরা আশায় বুক বেঁধে আছি, কিন্তু সত্যি বলতে পুরো বিষয়টিই এখন অনিশ্চিত। জানা গেছে, ভিসা জট খুলতে হকি ফেডারেশনের কর্মকর্তারা পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন মাধ্যমে নিজেদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। খেলোয়াড়দের প্রস্তুতি ক্যাম্পের জন্য জার্মান দূতাবাসে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার ক্ষেত্রে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তা কাটাতে জোর তৎপরতা চলছে। এরই মধ্যে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতের কাছে প্রয়োজনীয় সব নথিপত্র পাঠানো হয়েছে।
ফেডারেশনের আরেক কর্মকর্তা আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘হকি ফেডারেশনের মাননীয় সভাপতি জার্মান দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। আশা করছি, আগামীকালই জার্মান দূতাবাস থেকে আমরা কোনো ইতিবাচক খবর পাব।’ সময়মতো ভিসা না পাওয়ায় আগের বড় পরিকল্পনাটি এখন অনেকটাই কাটছাঁট করতে হচ্ছে। ওই কর্মকর্তা জানান, ‘আগামী ২৫ তারিখের মধ্যে যদি আমরা জার্মানিতে পৌঁছাতে পারি, তবে সেখানে দুই সপ্তাহের একটি ক্যাম্প করতে পারব। এই সময়ে অন্তত ৮-৯টি প্রস্তুতি ম্যাচ খেলা সম্ভব হবে, যা এশিয়ান গেমসের আগে দলকে ছন্দে ফেরাতে সাহায্য করবে।’
অথচ ফেডারেশনের প্রাথমিক পরিকল্পনাটি ছিল অনেক বড় পরিসরের। আগের সিদ্ধান্ত অনুযায়ী, সেপ্টেম্বরে জাপানে হতে যাওয়া এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে ১০ থেকে ১২ আগস্টের মধ্যে দলের জার্মানি যাওয়ার কথা ছিল। সেখানে ২৫ দিনের একটি দীর্ঘ প্রস্তুতি ক্যাম্প ও জার্মানির ৪-৫টি শহরে প্রায় ২০টি প্রস্তুতি ম্যাচ খেলার ছক কষেছিল ফেডারেশন।
সবচেয়ে বড় আকর্ষণ ছিল জার্মানির ৪ জন অলিম্পিক স্বর্ণজয়ী কোচের অধীনে প্রশিক্ষণ। পেনাল্টি কর্নার স্পেশালিস্ট, গোলকিপিং স্পেশালিস্ট, অ্যাটাকিং স্পেশালিস্ট ও ভিডিও অ্যানালিস্ট এই চারজনের কাজ করার কথা ছিল বাংলাদেশ দলের সঙ্গে। পুরো প্রক্রিয়ার তদারকিতে থাকার কথা ছিল বাংলাদেশে এর আগেও কাজ করে যাওয়া টেকনিক্যাল ডিরেক্টর পিটার জেরার্ডের।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, জার্মানি ক্যাম্প শেষে ১০ সেপ্টেম্বর ঢাকায় ফিরে ১৪ সেপ্টেম্বর এশিয়ান গেমসে অংশ নিতে জাপানের উদ্দেশে উড়াল দেওয়ার কথা বাংলাদেশ দলের। কিন্তু বর্তমান ভিসা জটিলতায় পুরো ছকই এখন ভেস্তে যাওয়ার উপক্রম।


প্রকাশিত: August 18, 2026 | সময়: 4:12 am | সুমন শেখ