সর্বশেষ সংবাদ :

ভাড়াটিয়ার বিরুদ্ধে ফাঁকা স্ট্যাম্পে সই নিয়ে বাড়ি দখল চেষ্টার অভিযোগ

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ভাড়াটিয়ার বিরুদ্ধে বাড়ির মালিককে জিম্মি করে জোরপূর্বক ফাঁকা নন-জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে বাড়ি দখল চেষ্টা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার ভুক্তভোগীর ছেলে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় পাশের লালপুর উপজেলার নাওদাড়া গ্রামের সাজদার রহমানের (৬৫) একটি বাড়ি রয়েছে। প্রায় পাঁচ মাস যাবৎ বড়াইগ্রামের আটুয়া গ্রামের জমির উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম বাড়ির একটি ইউনিট ভাড়া নিয়ে বসবাস করে আসছেন।
সম্প্রতি তিনি বাড়ির মালিককে না জানিয়েই বাড়ির আরো দুটি ইউনিট সুমন আলী ও হোসেন আলী নামে দুই জনকে ভাড়া দেন। পরে বিষয়টি জানতে পেরে সাজদার রহমান অনুমতি ছাড়া বাসা ভাড়া দেওয়ার কারণ জানতে চান এবং সবার কাছ থেকে ভাড়া দাবি করেন। এতে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেন।
গত ৯ আগস্ট পুনরায় ওই বাসায় ভাড়া চাইতে গেলে অভিযুক্তরা সাজদার রহমানের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে ছয়টি নন জুডিসিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক সই করিয়ে নেন। একই সঙ্গে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন তারা। এ টাকা না দিলে তাকে হত্যার হুমকি দিয়ে ভবিষ্যতে তাকে আর ওই বাড়িতে যেতে নিষেধ করেন। এতে প্রাণ ভয়ে সাজদার রহমান তার নিজের বাড়িতেও যেতে পারছেন না।
এ ব্যাপারে অভিযুক্ত জহুরুল ইসলামের সাথে কথা বলার জন্য একাধিকবার কল দিলেও মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


প্রকাশিত: August 14, 2026 | সময়: 4:41 am | সুমন শেখ