সর্বশেষ সংবাদ :

নাটোরে ৩৫ বছর বেদখল থাকা প্রায় ১৪ কোটি টাকা মূল্যের জমি উদ্ধার

স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোরে ৩৫ বছর বেদখল থাকা প্রায় ১৪ কোটি টাকা মূল্যের ১.৩৭ একর জমি উদ্ধার করেছে প্রশাসন। নাটোর শহরের দক্ষিণ চৌকির পাড় এলাকায় হোমিওপ্যাথি কলেজ সংলগ্ন এই মূল্যবান সম্পত্তিটি দীর্ঘ ৩৫ বছর একই মহল্লার মহসিন আলী ওরফে সোনার দখলে ছিলো।
নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, নাটোর সদরের সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ হোসেন, নাটোর পৌর ভূমি সহকারী কর্মকর্তা মাহবুবুর রহমান সহ সংশ্লিষ্ট ভূমি অফিসের কর্মকর্তা, কর্মচারীরা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জমিটি উদ্ধার করে চারদিকে লাল নিশানা এবং জেলা প্রশাসকের মালিকানার সাইনবোর্ড ঝুলিয়ে দেয়।
এ বিষয়ে জানতে চাইলে দখলদার মহসিন আলী ওরফে সোনার বলেন, তিনি আগের সরকারের ক্ষমতাশালী একজনের নিকট থেকে দুই লাখ টাকা দিয়ে তিন বছরের জন্য লিজ নিয়ে মাছ চাষ করছিলেন।
স্থানীয়রা জানান, গত ৩৫বছর থেকেই প্রতিটি সরকারের আমলে সরকার দলীয় স্থানীয় নেতারা নিজেরা দখলে রেখে পরে কারো কাছে লিজ দিয়ে এই জলাশয় ভোগ করতো। যার অংশ হিসেবেই মহসিন আলী ওরফে সোনার দখলে ছিলো। নাটোর সদরের সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ হোসেন জানান, সরকারী ১ নং খাস খতিয়ানভুক্ত জমি প্রাকৃতিক ভাবে রুপান্তরিত পুকুর দীর্ঘ ৩৫ বছর যাবত বেদখল ছিল। উদ্ধারকৃত এই সম্পত্তি সাইরাত খাস জমি শ্রেণী পরিবর্তন করে সরকারী ভাবে এখন লীজ প্রদান করা হবে।


প্রকাশিত: August 12, 2026 | সময়: 3:06 am | সুমন শেখ