, , ।
আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে একটি বসতবাড়িতে পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারি ও বাক্স ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার, কাঁসা-পিতলের বাসনপত্র, মূল্যবান কাপড়সহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের তালসন কুন্ডুপাড়ায়। বুধবার সকালে স্থানীয়রা বাড়ির দরজার তালা ভাঙা ও ঘরের ভেতরে মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে আদমদীঘি থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির মালিক কুমারেশ কুন্ডু ওরফে খোকন কুন্ডু গত শুক্রবার বাড়িতে তালা দিয়ে মেয়ে-জামাইয়ের বাড়ি ফরিদপুরের পাংশায় বেড়াতে যান। পরিবারের অনুপস্থিতির সুযোগে চোরচক্র রাতে বাড়িতে হানা দিয়ে এ চুরির ঘটনা ঘটায়। মুঠোফোনে যোগাযোগ করা হলে কুমারেশ কুন্ডু জানান, প্রতিবেশীদের মাধ্যমে তিনি চুরির খবর পান।
তিনি দাবি করেন, আলমারি ও বাক্সে থাকা প্রায় ৮ আনা ওজনের স্বর্ণের কানের দুল ও আংটি, ১২টি কাঁসার বড় থালা, ৪টি বড় কাঁসার গ্লাস, ২৫টি কাঁসার বাটি, পূজার কাজে ব্যবহৃত বিভিন্ন কাঁসা ও পিতলের বাসনপত্র, ঠাকুরঘরের মাটির ঘট থেকে নগদ ১০ হাজার টাকা এবং মূল্যবান কাপড়চোপড় চুরি হয়েছে। সব মিলিয়ে লক্ষাধিক টাকার মালামাল খোয়া গেছে বলে তিনি জানায়। তিনি আরও জানান, বাড়িতে ফিরে এ ঘটনায় আদমদীঘি থানায় লিখিত অভিযোগ করবেন।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।