মোহনপুরে প্রতিবেশীর রাস্তায় বাঁশের বেড়া

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার রায়ঘাটি গ্রামে প্রতিবেশীর চলাচলের রাস্তায় বাঁশের বেড়া ও ইট দিয়ে প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং মোহনপুর থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, রায়ঘাটি গ্রামের বাসিন্দা রবিয়া প্রামাণিকের ছেলে জিয়াউর রহমান প্রতিবেশীদের যাতায়াতের পথ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে।এতে প্রতিবেশীসহ স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী প্রতিবেশী শামসুল নাহার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২২ জুলাই সকালে তার বসতবাড়ির দক্ষিণ পাশের যাতায়াতের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়। পরে ২৭ জুলাই বিকেলে তার ছেলে সালমান হোসেন ওই পথ দিয়ে চলাচলের সময় বাঁশের বেড়ায় আঘাত পেয়ে আহত হন। এ বিষয়ে প্রতিবাদ জানালে অভিযুক্ত ব্যক্তি অশালীন ভাষায় গালিগালাজ ও বিভিন্ন ধরনের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এদিকে, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে এলাকাবাসীর পক্ষে পলাশ হোসেনের দেওয়া অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের ব্যবহৃত যাতায়াতের রাস্তাটি জিয়াউর রহমান, সফুর উদ্দিন, ছালেহা বিবি, মমেনা বিবি ও শরিফা বিবি বাঁশের বেড়া ও ইট ফেলে বন্ধ করে দিয়েছেন। এতে স্থানীয় বাসিন্দাদের চলাচল ব্যাহত হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জনসাধারণের চলাচলের রাস্তা উন্মুক্ত করার দাবি জানিয়েছেন প্রতিবেশী সহ স্থানীয়রা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আক্তার বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রকাশিত: July 30, 2026 | সময়: 3:56 am | সুমন শেখ