, , ।
স্টাফ রিপোর্টার: উত্তরবঙ্গের হৃদরোগীদের আস্থার প্রতীক ‘ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র উদ্যোগে এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহায়তায় আজ বুধবার (২২ থেকে ২৪ জুলাই) তিন দিনব্যাপী এক বিশেষ ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার দুপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির সভাপতি আব্দুল মান্নান এসব তথ্য জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ক্যাম্পটি প্রতিদিন সকাল ৮ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত হাসপাতালের নিজস্ব ক্যাম্পাসে পরিচালিত হবে এবং এই কার্যক্রমে অংশ নিতে গত ২১ জুলাই পর্যন্ত ২৮০০ জনের অধিক শিশু রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। সমগ্র উত্তরবঙ্গে প্রথমবারের মতো আয়োজিত এই ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদানে উপস্থিত থাকবেন চীনের খ্যাতনামা ৭ সদস্যবিশিষ্ট পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট দল এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এর পরিচালকসহ ৮ জন অভিজ্ঞ পেডিয়াট্রিক কার্ডিওলজিস্টের সমন্বয়ে গঠিত একটি উচ্চক্ষমতাসম্পন্ন বিশেষজ্ঞ টিম। এই ক্যাম্পের মূল লক্ষ্য হলো শিশুদের হার্টের জন্মগত ত্রুটি সময়মতো সনাক্ত করা এবং রোগের তীব্রতা অনুযায়ী তাৎক্ষণিক কার্যকর চিকিৎসাসেবা প্রদান করা, যার ফলে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত হওয়ার পাশাপাশি পরবর্তীতে মারাত্মক শারীরিক জটিলতা, হার্ট ফেইলিউর বা অকাল মৃত্যুর ঝুঁকি অনেকাংশে হ্রাস পাবে। যাদের হার্টের জন্মগত ত্রুটি ধরা পড়বে, তাদের জটিলতার মাত্রা অনুযায়ী বিশেষজ্ঞ টিম তাৎক্ষণিক চিকিৎসা দেবেন কিংবা প্রয়োজনে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা অথবা আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সহসভাপতি হাসেন আলী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, হার্ট ফাউন্ডেশনের পরিচালক (অর্থ ও প্রশাসন) প্রফেসর মহা. হবিবুর রহমান, পরিচালক (মেডিকেল) প্রফেসর ডা. রইছ উদ্দিন, নির্বাহী সদস্য ডা. ওয়াসিম হোসেন প্রমুখ।