সর্বশেষ সংবাদ :

বাঘায় শয়নঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার, মিলল কিটনাশকের বোতল

স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘা উপজেলায় নিজ বাড়ির শয়নঘর থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ২১ জুলাই সকাল ১১টার দিকে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি আগাছানাশক (ঘাস মারা) বিষের বোতলও উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশ ধারণা করছেন, বিষপানে তাদের মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগ পর্যন্ত মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত বলা যাচ্ছে না।
নিহতরা হলেন উপজেলার আরিফপুর গ্রামের বাসিন্দা মনিরুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী স্বপ্না বেগম (৩৮)। মনিরুল ইসলাম পেশায় একজন ভ্যানচালক ছিলেন। নিঃসন্তান এই দম্পতি বাড়িতে তারা কেবল স্বামী-স্ত্রী এই দু’জনই বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার দিনভর ভ্যান চালিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরেন মনিরুল ইসলাম। এরপর থেকে তাদের আর বাইরে দেখা যায়নি। মঙ্গলবার সকালে কোনো সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শয়নঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেন। এ সময় মরদেহের পাশ থেকে একটি আগাছানাশক বিষের বোতল জব্দ করা হয়।
পুলিশ বলছে, ঘটনাস্থলের আলামত দেখে প্রাথমিকভাবে বিষপানের বিষয়টি সামনে এলেও এটি আত্মহত্যা কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার পেছনের কারণ জানতে তদন্ত চলছে। তবে তাৎক্ষণিক ভাবে দম্পতির মৃত্যুর কারণ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। নিহত মনিরুল ইসলাম আরিফপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম জামাল উদ্দিনের ছেলে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।


প্রকাশিত: July 22, 2026 | সময়: 4:24 am | সুমন শেখ

আরও খবর