রাজশাহী শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা : প্রথম দিন প্রায় ৯৮ ভাগ পরীক্ষার্থী উপস্থিত

স্টাফ রিপোর্টার: বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে বৃহস্পতিবার শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা। এবারের এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ৯৭ দশমিক ৭৯ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এই বোর্ডের অধীনে এবার মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৩ হাজার ৯৮ জন। এর মধ্যে ১ লাখ ১০ হাজার ৬০১ জন শিক্ষার্থী প্রথম দিন পরীক্ষায় অংশগ্রহণ করেছে। মাত্র ২ হাজার ৪৯৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। প্রথম দিনের পরীক্ষায় কোনো শিক্ষার্থী বহিষ্কৃত হয়নি এবং কোনো প্রকার জটিলতা বা সমস্যা পরিলক্ষিত হয়নি মর্মে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে।
রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান শামীম আরা চৌধুরী বলেন, সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় পরীক্ষা পরিচালনায় সমন্বয় ও তদারকি আরও সহজ হয়েছে।
বোর্ড কর্তৃপক্ষ জানায়, পরীক্ষা চলাকালে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ২৪টি ভিজিল্যান্স টিম দায়িত্ব পালন করছে। এসব টিম পর্যায়ক্রমে প্রতিটি কেন্দ্র পরিদর্শন করছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করেছে।
উল্লেখ্য যে, রাজশাহী বিভাগের ৮ জেলায় মোট ২০৮টি কেন্দ্রে এবার এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রাজশাহী জেলাতে কেন্দ্রের সংখ্যা সর্বোচ্চ ৪৩টি এবং জয়পুরহাট জেলাতে সর্বনিম্ন ১২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।


প্রকাশিত: জুলাই ৩, ২০২৬ | সময়: ৪:৫১ পূর্বাহ্ণ | সুমন শেখ