রাণীনগরে জিআর চাল ও কৃষি প্রণোদনা বিতরণ

রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলায় অসহায় দুস্থ মানুষের মাঝে জিআর চাল ও কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার সার-বীজ সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের মুক্তমঞ্চ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায় ও দুস্থ ১ হাজার মানুষের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৩০ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়।
পরে একই মঞ্চে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে উপজেলার প্রায় ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ সহ বিভিন্ন উপকরণ বিতরণ কর্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তকিমা খাতুন, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফি ফায়সাল তালুকদার, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান সহ রাণীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ম-সম্পাদক নয়ন খাঁন লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথি বলেন, মানবিক প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান ধীরে ধীরে তার দেওয়া নির্বাচনী অঙ্গীকারের অনেক কিছুই বাস্তবায়ন করেছেন। দেশের সাধারণ মানুষ ও গরীব-অসহায়দের জন্য ফ্যামেলি কার্ড, কৃষকদের উন্নয়নে কৃষি কার্ড ইতোমধ্যেই বিতরণ শুরু করা হয়েছে। সুবিধাভোগীরা সুবিধা পাওয়া শুরু করেছে। আগামীর একটি সৃমদ্ধশালী ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার আগামীতে আরো যা যা করা প্রয়োজন তার সবই করবে ইনশাল্লাহ। তাই বর্তমান সরকারকে সকল ধরণের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।


প্রকাশিত: জুলাই ৩, ২০২৬ | সময়: ৪:৪৯ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর