মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
মোহনপুর প্রতিনিধি :
রাজশাহীর মোহনপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুটি মিনি পেট্রোল পাম্প বন্ধ, ব্যবহৃত মেশিন জব্দ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় পাম্প মালিকরা। গত ১১ জুন জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর এ অভিযোগ করা হয়।
অভিযোগ সূত্রে, প্রয়োজনীয় লাইসেন্স ও নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই মোহনপুর বাজার ও মৌগাছি বাজারে আনারুল ইসলাম ও আব্দুর রাজ্জাক নামের দুই ব্যক্তি প্রকাশ্যে ডিজেল, পেট্রোল ও অকটেন বিক্রি করছেন, যা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।
একারণে স্থানীয় বৈধ তিনটি ফিলিং স্টেশনের প্রতিনিধিরা দ্রুত তদন্ত করে অবৈধ কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন।
অভিযোগের বিষয়ে মিনি পাম্প মালিক আনারুল ইসলাম বলেন, বাহিরের ফিলিং স্টেশন থেকে তেল কিনে প্রতি লিটারে ৫ টাকা লাভে বিক্রি করি। তবে প্রয়োজনীয় কাগজপত্রের বিষয়ে তার বিস্ফোরক পরিদপ্তরসহ অন্যান্য দপ্তরের সম্পূর্ণ অনুমোদন পত্র নাই বলে জানান। শুধু ট্রেড লাইসেন্স নিয়েই এ ব্যবসা পরিচালনা করছেন তিনি।
মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আকতার জানান, অভিযোগটি তদন্ত করে বৈধতা যাচাই করা হবে এবং অনিয়মের প্রমাণ মিললে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রাসেল/শামি