শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলায় শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশ, বিজ্ঞানভিত্তিক চিন্তা ও উদ্ভাবনী ধারণাকে উৎসাহিত করতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া প্রদর্শন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও ব্যবসায়িক ধারণা উপস্থাপন করে। শুক্রবার সকালে পবা উপজেলা পরিষদ হলরুমে কর্মসূচির উদ্বোধন করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’-এর উদ্যোগে এবং সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় এ আয়োজন করা হয়। এতে পবা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
‘মেধা-বিজ্ঞান উদ্ভাবনে দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জনকল্যাণমুখী বাজেট প্রণয়ন করেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে কর, শুল্ক ও ভ্যাট কমানোর মতো নানা পদক্ষেপ নেওয়া হয়েছে, যা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, দেশের মেধাবী শিক্ষার্থীরা যেন বিদেশে মেধা পাচারের শিকার না হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারে, সে জন্য বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ অত্যন্ত জরুরি। পবা উপজেলার শিক্ষার্থীরা জাতীয় নিরাপত্তা, স্বল্প খরচে বিদ্যুৎ উৎপাদন, মহাকাশ বিজ্ঞান এবং স্থানীয় সমস্যা সমাধান নিয়ে যে প্রকল্প উপস্থাপন করেছে, তা অত্যন্ত প্রশংসনীয় ও আশাব্যঞ্জক।
সংসদ সদস্য মিলন বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, সুরক্ষা ও জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে শান্তিপূর্ণ, উন্নত ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন। প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ১২টি স্টল উপস্থাপন করে। স্টলগুলোতে স্থানীয় সম্পদ ব্যবহার করে ব্যবসায়িক উদ্যোগ, বিজ্ঞানভিত্তিক তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ এবং মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানে বাস্তবসম্মত উদ্ভাবনী ধারণা তুলে ধরা হয়। আয়োজনকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
‘স্টার্টআপ’ ক্যাটাগরিতে শিক্ষার্থীরা স্থানীয় সম্পদ ব্যবহার করে লাভজনক ও সমাজবান্ধব ব্যবসায়িক মডেল উপস্থাপন করে। নওহাটা ছালেহিয়া দারুচ্ছুন্নাত ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা মাটি ও বাঁশের তৈরি মাথাল, ঝাঁকা, মাটির থালা, গ্লাস, কাপ, ফ্রিজ এবং বন্ধু চুলাসহ বিভিন্ন পণ্য প্রদর্শন করে। এসব প্রদর্শনীর মাধ্যমে পরিবেশবান্ধব ও ব্যবহারযোগ্য পণ্য তৈরির সম্ভাবনা তুলে ধরা হয়। ‘বিজ্ঞান প্রকল্প’ ক্যাটাগরিতে পাঠ্যবইয়ের তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ উপস্থাপন করা হয়। বাগধানী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিষয়ক একটি প্রকল্প প্রদর্শন করে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। তারা প্রকল্পটির কার্যকারিতা, ব্যবহারিক দিক এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরে।
এদিকে একই দিনে মোহনপুর উপজেলাতেও অনুরূপ অনুষ্ঠানে অংশ নেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। সেখানে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার, মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর অর রশীদ, পবা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মাহমুদ হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আয়েশা নাজনীন, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
মান্দা: উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা তাঁদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা ও স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশ ঘটানোর লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা প্রযুক্তি, পরিবেশ, কৃষি ও সামাজিক সমস্যার সমাধানভিত্তিক বিভিন্ন প্রকল্প তুলে ধরেন। অনুষ্ঠানটি এডুকেশন ইঞ্জিনিয়ারিং সাপোর্ট স্কিম (ইইএসএস), এএসইডিপি’র উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকার সহযোগিতায় বাস্তবায়ন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহসভাপতি মকলেছুর রহমান মকে, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল লতিফ, বিএনপিনেতা নুর বকস মণ্ডল, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, প্রধান শিক্ষক নাসির উদ্দিন সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।
চারঘাট: রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন, কারিগরী শিক্ষা ব্যবস্থার উপর বর্তমান সরকার নজর দিয়েছেন। কারিগরী শিক্ষার উপর নজর দিয়ে প্রশিক্ষন প্রাপ্ত হয়ে দক্ষ জনশক্তি রপ্তানী করতে চাই বর্তমান সরকার। শুক্রবার চারঘাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, চারঘাটে কারিগরী শিক্ষার মান বৃদ্ধিতে শিক্ষকদের আরো দায়িত্বশীল হতে হবে। চাকরী মনে না করে শিক্ষার্থীদের সঠিক ভাবে করিগরী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলুন। সামনে চারঘাটে কারিগরী শিক্ষায় একটি ট্রেনিং সেন্টার করা হবে। ভারতীয় কর্মীরা বিদেশের মাটিতে বেতন পান ২লাখ টাকা। আর আমাদের সন্তানরা পায় মাত্র ৫০ হাজার। এটার কারন দক্ষ জনশক্তির অভাব। তাই বর্তমান সরকারের প্রতিটি প্রদক্ষেপ কারিগরী শিক্ষার উপর। তিনি শিক্ষকদের উদ্বেশ্যে বলেন,দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকলকে এগিয়ে আসতে হবে। সঠিক ভাবে কাজ করতে হবে। জাতি আপনাদের দিকে তাকিয়ে আছে। নিজ নিজ দায়িত্ব ব্যাপারে সকলে সজাগ হোন।
মেধা-বিজ্ঞান-উদ্ভাবনার দেশ, সবার আগে বাংলাদেশ। এই শ্লোগানকে সামনে রেখে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা আব্দুল মালেক,উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল,উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্ত আল মামুন হাসান,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হাসান মুকুট প্রমুখ্।
বড়াইগ্রাম: উপজেলা পরিষদ মিলনায়তনে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামানের সঞ্চালনায় বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মতিন, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ ও সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম বক্তব্য রাখেন। এতে উপজেলার ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্ভাবনী স্টল ছিল। পরে অতিথিরা প্রদর্শনীতে বিজয়ী তিনটি দলের হাতে ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন।
আক্কেলপুর: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের সঙ্গে সম্পৃক্ত করার বিকল্প নেই। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বিজ্ঞানী, গবেষক ও উদ্যোক্তা। তাদের মেধা ও সৃজনশীলতাকে বিকশিত করার জন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, সেই সাথে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে উৎসাহ দিচ্ছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর মতো আয়োজন শিক্ষার্থীদের নতুন কিছু ভাবতে, সৃষ্টি করতে এবং দেশের উন্নয়নে অবদান রাখতে অনুপ্রাণিত করবে। শুক্রবার বিকালে আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, আমি আশা করি, এখান থেকে উঠে আসা অনেক উদ্ভাবনী ধারণা একদিন জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাবে এবং দেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমান বিশ্বে যে জাতি বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনে এগিয়ে থাকবে, সেই জাতিই উন্নয়ন ও সমৃদ্ধির শীর্ষে অবস্থান করবে। আমাদের শিক্ষার্থীদের মধ্যে অপরিসীম মেধা ও সম্ভাবনা রয়েছে। তাদের সঠিক দিকনির্দেশনা, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করা গেলে তারা বিশ্বমানের উদ্ভাবক ও উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে সক্ষম হবে। তিনি বলেন, শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না। শিক্ষার্থীদের বাস্তব সমস্যার সমাধান খুঁজে বের করার সক্ষমতা অর্জন করতে হবে। বিজ্ঞানভিত্তিক চিন্তা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে তারা দেশের কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, শিল্প এবং তথ্যপ্রযুক্তি খাতে নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারবে। সরকার সেই লক্ষ্যেই তরুণদের উদ্ভাবনী কর্মকাণ্ডকে উৎসাহিত করছে এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের পাশে রয়েছে।
আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক-উর-রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রতিমন্ত্রী পত্নী নাজমা আরা বেগম, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানা, সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা আলমগীর চৌধুরী বাদশা। এছাড়া উপস্থিত ছিলেন, আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পল্টু, ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাবেদ ইকবাল হাসান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইমরান হোসেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর মোহাম্মদ আলী।অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা প্রদর্শিত প্রকল্পগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রচেষ্টার প্রশংসা করেন।
আত্রাই: উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস), এসইডিপি’ এই অনুষ্ঠানের আয়োজন করে। আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান-এর সভাপতিত্বে দায়িত্বপ্রাপ্ত অফিসার উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-০৬ (আত্রাই- রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপি’র সভাপতি মো. রেজাউল ইসলাম রেজু।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মো. রেজাউল ইসলাম রেজু বলেন, আজকের এই তরুণরাই আগামীর উন্নত বাংলাদেশের মূল কারিগর। আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের কেবল পাঠ্যপুস্তকের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে তাদের উদ্ভাবনী মেধাকে বিশ্বমানের করে গড়ে তোলা। এ ধরনের প্রোগ্রাম শিক্ষার্থীদের গবেষণামুখী মানসিকতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবনী আইডিয়া নিয়ে কাজ করার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষের এই যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে উদ্ভাবনের বিকল্প নেই। আত্রাইয়ের শিক্ষার্থীদের মধ্যে যে অদম্য মেধা ও সৃজনশীলতা দেখলাম, তা সত্যিই আশাব্যঞ্জক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের যেকোনো গঠনমূলক গবেষণায় প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন, আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার প্রমুখ। এছাড়াও উপজেলা সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ, স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। প্রদর্শনী ঘুরে দেখে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তার ভূয়সী প্রশংসা করেন।
নলডাঙ্গা: উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের মাননীয় হুইপ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিনিধি, উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল। এতে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের অংশ গ্রহণে বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি, পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং উদ্ভাবিত নানা রকম প্রকল্প প্রদর্শন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি আশিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ হাফিজ প্রমূখ।
পাঁচবিবি:উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শুক্রবার সকালে উপজেলা পরিষদ হলরুমের মেলার উদ্বোধন করেন নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জহির রায়হান, মহীপুর কলেজের প্রভাষক সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, জেলা ছাত্রদল নেতা এস এম তাহের ও প্রেসক্লাবের সম্পাদক সজল কুমার দাস সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীরা। ইউএনও বলেন, সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী করে গড়ে তুলতে কাজ করছে। আজকের তরুণ আগামীর উদ্যোক্তা ও বিজ্ঞানী মন্তব্য করেন তিনি।