সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত পৃথক অভিযানে তাদের কাছ থেকে হেরোইন, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ টাকা ও মাদক পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে। আরএমপি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পবা থানার মথুরা গ্রামের তালতলা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তার সুজন রেজা সোহান হলেন পবা থানার টিকরীপাড়া গ্রামের বাসিন্দা মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. সুজন রেজা সোহান (২৮)। এ সময় তার দেহ তল্লাশি করে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
একই দিন রাত পৌনে ৯টার দিকে মতিহার থানার খোঁজাপুর জাহাজঘাট এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় গ্রেপ্তার আলম শেখ হলেন মতিহার থানার খোঁজাপুর জাহাজঘাট গ্রামের বাসিন্দা মো. হাসান শেখের ছেলে মো. আলম শেখ (৪২)। তার কাছ থেকে ১২ পিস ইয়াবা, ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৭২০ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও সিম কার্ড জব্দ করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার দুই আসামিই বর্তমানে রাজশাহী মহানগরীতে বসবাস করতেন এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে তাদের সঙ্গে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।