সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ব্যানারে রাজশাহীর পবা উপজেলায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সূত্র থেকে জানা যায়, মঙ্গলবার ভোর ৬টার দিকে পবার নওহাটা পৌরসভার পুঠিয়াপাড়া এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে পবা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিছিলটি বের করা হয় এবং ব্যানারে সাবেক এমপি আয়েন উদ্দিনের ছবি দেখা যায়।
কয়েক মিনিট স্থায়ী এ মিছিল শেষে অংশগ্রহণকারীরা দ্রুত স্থান ত্যাগ করেন। মিছিলের ব্যানারে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘অবৈধ নিষেধাজ্ঞা মানি না, মানব না, অবিলম্বে প্রত্যাহার করতে হবে’ লেখা ছিল। এ সময় বিভিন্ন স্লোগানও দিতে দেখা যায় নেতাকর্মীদের। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে প্রায় ১৫ থেকে ২০ জন নেতাকর্মীকে মিছিলে অংশ নিতে দেখা গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পুঠিয়াপাড়া এলাকায় হঠাৎ করে মিছিলটি বের করা হয়। অল্প সময়ের মধ্যেই তা শেষ করে নেতাকর্মীরা চলে যান। মিছিলে অংশ নেওয়া অধিকাংশ নেতাকর্মীর মুখে মাস্ক ছিল। তবে মাস্ক না থাকায় অংশগ্রহণকারীদের মধ্যে পবার কাটাখালী পৌর যুবলীগের আহ্বায়ক জনি ইসলামকে শনাক্ত করা গেছে।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, মিছিলের বিষয়টি তাঁর জানা নেই। কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় এ ধরনের কর্মসূচি পালন করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ কাজ শুরু করবে বলেও তিনি জানান।