ভুটানের লিগে অংশ নিতে সোমবার যাচ্ছেন সাবিনা-মাসুরারা

স্পোর্টস ডেস্ক: গত বছর ভুটানের ঘরোয়া নারী লিগে বাংলাদেশের ১৫ জন ফুটবলার অংশ নিয়েছিলেন। ২০২৬ মৌসুমেও বাংলাদেশের একঝাঁক নারী ফুটবলার দেখা যেতে পারে ভুটানের ঘরোয়া লিগে।
এরই মধ্যে ভুটানের ঘরোয়া লিগ মাঠে গড়িয়েছে। গত মৌসুমে ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলা অভিজ্ঞ ডিফেন্ডার মাসুরা পারভীন এবার যোগ দিয়েছেন পারো এফসিতে। যে ক্লাবটিতে গট মৌসুমে খেলেছিলেন সাবিনা খাতুনও। ভুটানের লিগ শুরু হলেও সাবিনা-মাসুরারা যেতে পারেননি দেশের ঘরোয়া ফুটসাল লিগ চলার কারণে। ঈদের জন্য ফুটসাল লিগ বন্ধ রয়েছে। সম্ভবত বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত লিগ শুরু হচ্ছে না। যে কারণে সাবিনা ও মাসুরা ভুটানের ক্লাবে যোগ দিতে সোমবার থিম্পু যাচ্ছেন।
সিনিয়র ফুটবলার মাসুরা পারভীন বলছিলেন, ‘আমি আর সাবিনা আগামীকাল সোমবার সকালে ভুটান যাচ্ছি। আমাদের ফুটসাল লিগ বন্ধ আছে। কবে শুরু হবে তারিখ ঘোষণা হয়নি। এই সময়টায় বসে না থেকে ভুটানে গিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছি। ’ গত মৌসুমে পারো এফসিতে খেলেছিলেন সাবিনা খাতুন, মাৎসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। গত মৌসুমে বাংলাদেশের ১৫ ফুটবলার খেলেছেন ভুটানের চার ক্লাবে। চ্যাম্পিয়ন হওয়া রয়েল থিম্পু কলেজে নাম লিখিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি, স্বপ্না রানী, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, শাহেদা আক্তার রিপা। এরমধ্যে আফঈদা ও স্বপ্না খেলেছিলেন ক্লাবটির হয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ। থিম্পু সিটিতে সানজিদা আক্তার, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র খেলেছিলেন।
ভোট দিলেন তামিম-রুবেলরা
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। সকাল থেকেই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভোটারদের উপস্থিতি দেখা গেছে। বিসিবি কার্যালয়ের বোর্ড রুমে ভোট দিয়েছেন অ্যাড-হক কমিটির সভাপতি ও সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল।
ক্যাটাগরি-২ অর্থাৎ ঢাকা মেট্রোপলিস ক্লাব কোটার কাউন্সিলর হিসেবে ভোটাধিকার প্রয়োগ করেন তামিম। ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের কাউন্সিলর হিসেবে তিনি শুধু ভোটই দিচ্ছেন না, একইসঙ্গে পরিচালক পদেও লড়ছেন।
তামিমের পাশাপাশি ভোট দিয়েছেন অ্যাড-হক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাবু ও ইসরাফিল খসরু। জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেনকেও ভোট দিতে দেখা গেছে বিসিবি কার্যালয়ে। গত বছর নানা অনিয়ম, কারচুপি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের তদন্ত শেষে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেয়।
পরে তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাড-হক কমিটি গঠন করা হয়। সেই কমিটির অন্যতম প্রধান দায়িত্ব ছিল নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা। অবশেষে নির্ধারিত ৯০ কার্যদিবসের মধ্যেই সেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে নির্বাচন ঘিরে বিতর্কও কম নয়। বিভিন্ন ক্যাটাগরির একাধিক প্রার্থীর রাজনৈতিক পরিচয় এবং ক্ষমতাসীন দলের সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকেরা।
সকাল ১০টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরপর ভোট গণনা শেষে সন্ধ্যা ৬টার দিকে ফল ঘোষণা করার কথা রয়েছে।


প্রকাশিত: জুন ৮, ২০২৬ | সময়: ৪:৫০ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর