, , ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলা হিলি স্থলবন্দরে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটানা ৭দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় বন্দরে সকল বাণিজ্যিক কার্যক্রম স্থগিত থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
সোমবার ২৫ মে দুপুরে হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ স¤পাদক অধ্যাপক শাহীনুর ইসলাম জানান, ঈদুল আজহা উপলক্ষে আগামী ৩১ মে পর্যন্ত বন্দরের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিষয়টি ইতোমধ্যে ভারতের ব্যবসায়ীদেরও চিঠির মাধ্যমে জানানো হয়েছে।
তিনি আরও জানান, এ সময় বন্দরের বেসরকারি ওয়্যারহাউজ পানামা পোর্টের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড কার্যক্রমও বন্ধ থাকবে। আগামী ১ জুন থেকে পুনরায় বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক ভাবে শুরু হবে। বর্তমানে শুক্রবার ছাড়া সপ্তাহের ছয়দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হচ্ছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, বন্দরে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের ভারত-বাংলাদেশ যাতায়াত স্বাভাবিক থাকবে। সপ্তাহের সাতদিনই ইমিগ্রেশন চেকপোস্ট খোলা থাকবে।
হিলি স্থল বন্দর কাস্টমস স্টেশনের ডেপুটি কমিশনার অব কাস্টমস (উপ-কমিশনার) সন্তোষ সরেন জানান, সরকারি ছুটি ব্যতীত কাস্টমসের অফিসিয়াল কার্যক্রম স্বাভাবিক থাকবে। ব্যবসায়ীরা চাইলে শুল্ক ও কর পরিশোধ করে বন্দরে থাকা পণ্য খালাস নিতে পারবেন। এ লক্ষ্যে কাস্টমস কর্মকর্তারা দায়িত্বশীলতার সাথে কাজ করে যাচ্ছেন।
স্থল বন্দরের বেসরকারি ওয়্যারহাউজ পানামা পোর্ট সূত্র জানায়, ঈদের ছুটি শেষে আগামী ১ জুন থেকে পুনরায় বন্দরের বাণিজ্যিক কার্যক্রম শুরু হলে হিলি স্থল বন্দর আবারও স্বাভাবিক কর্মচাঞ্চল্যে ফিরে আসবে।