, , ।
স্পোর্টস ডেস্ক: নতুন স্টেডিয়ামে জয়ের অপেক্ষা শেষ হলো ইন্টার মায়ামির। লিওনেল মেসির গোল ও চোখধাঁধানো অ্যাসিস্টে পোর্টল্যান্ড টিম্বার্সকে ২-০ গোলে হারিয়েছে মেজর লিগ সকারের বর্তমান চ্যাম্পিয়নরা।
রোববার নু স্টেডিয়ামে পুরো ম্যাচজুড়েই পোর্টল্যান্ডের রক্ষণকে ব্যস্ত রাখেন ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন তারকা। বিশ্বকাপ শুরুর এক মাসেরও কম সময় আগে নিজের সামর্থ্যের আরেকটি ঝলক দেখালেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। ম্যাচের ৩০তম মিনিটে মায়ামিকে এগিয়ে দেন মেসি। গোলটির শুরু ও শেষ..দুটিতেই ছিলেন তিনি।মেসির পাস থেকে বল পান লুইস সুয়ারেজ। উরুগুইয়ান ফরোয়ার্ড থ্রু বল বাড়ান তেলাসকো সেগোভিয়ার উদ্দেশে। সেগোভিয়ার ব্যাকহিল আবার ফিরে আসে মেসির পায়ে। কাছ থেকে নিখুঁত শটে বল জালে পাঠান আর্জেন্টাইন অধিনায়ক।
দশ মিনিট পর মেসির জাদুতে ব্যবধান দ্বিগুণ করে মায়ামি। ডান দিক দিয়ে আক্রমণে উঠে বল বাড়ান স্বদেশি রদ্রিগো দে পল। মেসি এরপর সুয়ারেজের সঙ্গে ওয়ান-টু খেলে ঢুকে পড়েন বক্সে। চার ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের বাইরের অংশ দিয়ে বল সাজিয়ে দেন সতীর্থকে। সহজ ট্যাপ-ইনে গোল করতে ভুল করেননি জার্মান বেতেরাম।
প্রথমার্ধের সেই দাপটের পর দ্বিতীয়ার্ধে খেলার গতি কিছুটা কমে যায়। তবু গোল বাড়ানোর সুযোগ পেয়েছিলেন মেসি। বক্সের বাইরে থেকে তার বাঁ পায়ের বাঁকানো শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যায়। যোগ করা সময়ে ফ্রি-কিক থেকেও প্রায় গোল পেয়েই যাচ্ছিলেন মেসি। তবে পোর্টল্যান্ড গোলরক্ষক জেমস প্যান্টেমিস দুর্দান্ত সেভে বলটি ওপরের কর্নার থেকে ঠেকিয়ে দেন।
গত মাসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হয়েছিল ২৭ হাজার দর্শক ধারণক্ষমতার নু স্টেডিয়াম। তবে নতুন মাঠে আগের চার ম্যাচে জয়ের দেখা পায়নি মায়ামি। তিনটি ড্রয়ের পাশাপাশি অরল্যান্ডো সিটির বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে থেকেও ৪-৩ ব্যবধানে হারের তিক্ত অভিজ্ঞতা ছিল তাদের।
অবশেষে পঞ্চম হোম ম্যাচে এসে নতুন স্টেডিয়ামে প্রথম জয় পেল মায়ামি। এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষেও উঠে গেছে তারা। দুই ম্যাচ কম খেলা ন্যাশভিল এসসির চেয়ে এক পয়েন্টে এগিয়ে মেসির দল। আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হবে বিশ্বকাপ। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানো মেসি এবার খেলতে নামলে ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে যৌথভাবে ছয়টি বিশ্বকাপে খেলা প্রথম ফুটবলার হওয়ার ইতিহাস গড়বেন।