, , ।
স্টাফ রিপোর্টার: র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাগমারা থানাধীন ভবানীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২৬০ বোতল অ্যালকোহলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার আমিনুল ইসলাম (৪০) রাজশাহী জেলার বাগমারা থানার ধানগাছি এলাকার আব্দুস সাত্তারের ছেলে। র্যাব সূত্র জানায়, শনিবার রাত ১১টার দিকে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। এ সময় তার দখল থেকে বিপুল পরিমাণ অবৈধ অ্যালকোহল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে অবৈধভাবে অ্যালকোহল সংগ্রহ করে ভবানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিলেন বলে স্বীকার করেন। তিনি আরও জানান, উদ্ধারকৃত অ্যালকোহল বিক্রয়ের উদ্দেশ্যেই নিজের দখলে রেখেছিলেন। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে রাজশাহী মহানগররের কাশিয়াডাঙ্গা থানার নবগঙ্গা আইবাধ এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। র্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসির একটি দল শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে এই অভিযান চালায়। রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ওই এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় র্যাব। র্যাবের উপস্থিতি বুঝতে পেরে সেখানে অবস্থানরত ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালানো হলে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড তাজা গুলি পাওয়া যায়। র্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির ব্যাপাওে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্র কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে র্যাব কাজ করছে।