সর্বশেষ সংবাদ :

জুলাইয়ে তোমরা যে পরিবর্তন এনেছ, তা এক কথায় ‘ওয়ান্ডারফুল’ : ববিতে নবীনবরণ অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান

ববি প্রতিনিধি:

“তোমরা পার না এমন কিছু নেই। তোমাদের মনে রাখতে হবে তোমরা কারা। জুলাইয়ে তোমরা যে পরিবর্তন এনেছ, তা এক কথায় ‘ওয়ান্ডারফুল’। আমি এই পরিবর্তনকে প্রকৃতির এক অনন্য উদাহরণের সাথে তুলনা করি।”
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ। রবিবার (২৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যানের সশরীরে উপস্থিত থাকার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি অনলাইনে যুক্ত হন। অনুষ্ঠানের সঞ্চালক অধ্যাপক ড. মুহসিন উদ্দীন জানান, হঠাৎ পড়ে গিয়ে পায়ে আঘাত পাওয়ার কারণে ড. ফায়েজ সশরীরে উপস্থিত হতে পারেননি। তবে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কিছু সূত্র থেকে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের নানামুখী সংকট নিয়ে শিক্ষার্থীদের মাঝে বিরাজমান ক্ষোভ এবং সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই তিনি সরাসরি অংশগ্রহণ থেকে বিরত থাকেন।
নবীন শিক্ষার্থীদের ফুল ও তথ্য পুস্তিকা দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম।
প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান শিক্ষার্থীদের সাহসের প্রশংসা করে বলেন, “তোমরা বিশাল ভূমিকা রাখছো। তোমাদের হাত ধরেই যে পরিবর্তন এসেছে, তার জন্য তোমাদের সবাইকে অভিনন্দন। তোমাদের অসাধ্য কিছু নেই।”

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম বলেন,এতদিন আপনারা বাবা-মায়ের তত্ত্বাবধানে ছিলেন এখন এসেছেন বিশ্ববিদ্যালয়ের মুক্ত জীবনে। বিশ্ববিদ্যালয়ের এই মুক্ত জীবনে আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। সর্বত্র মনে রাখতে হবে আমাদের ভালো মানুষ হতে হবে এবং দৈনিক কোনো না কোনো ভালো কাজ করবো। মানুষকে উপকার না করতে পারলেও যেন কোন ক্ষতি না করি এটা সবসময় মনে রাখতে হবে।

তৌফিক/শামি


প্রকাশিত: January 25, 2026 | সময়: 8:31 pm | Daily Sunshine