সর্বশেষ সংবাদ :

জয়পুরহাটের দুটি আসনে সাত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, সাতটি বাতিল

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের দুইটি আসনে ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া কাগজপত্রে ত্রুটি থাকায় ৭ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
শনিবার দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আল-মামুন মিয়া মনোনয়ন যাচাই বাছাই শেষে এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং প্রার্থীদের প্রস্তাবক-সমর্থকরা।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জানান, জয়পুরহাট-১ আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী সহ মোট ৮ জন এবং জয়পুরহাট-২ আসনে ৬ জনসহ দুইটি আসনে মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
শনিবার যাচাই বাছাই শেষে জয়পুরহাট-১ আসনে বিএনপির দলীয় প্রার্থী মাসুদ রানা প্রধান, জামায়াতে ইসলামীর প্রার্থী ফজলুর রহমান সাঈদ, বাসদের ওয়াজেদ পারভেজ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) তৌফিকা দেওয়ানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা, জালাল উদ্দীন মন্ডল, খেলাফতে মজলিসের প্রার্থী মাওলানা আনোয়ার হোসেন এবং এবি পার্টির সুলতান শামসুজ্জামানের মনোনয়ন বাতিল করা হয়।
জয়পুরহাট-২ আসনে বিএনপির দলীয় প্রার্থী আব্দুল বারী, জামায়াতে ইসলামীর রাশেদুল আলম সবুজ, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। কাগজপত্রে ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী আব্বাস আলী, আমিনুল ইসলাম এবং এবি পার্টির এস,এ জাহিদের মনোনয়ন বাতিল করা হয়েছে।


প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬ | সময়: ১২:৫৮ পূর্বাহ্ণ | সুমন শেখ