সর্বশেষ সংবাদ :

ঠাকুরগাঁও হাসপাতালে শিশু ওয়ার্ডে নতুন ১০টি পেশেন্ট বেড দিল পৌরসভা

ঠাকুরগাঁও প্রতিনিধি  :
ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাসেবার মান উন্নয়নে নতুন পেশেন্ট বেড প্রদান করেছে ঠাকুরগাঁও পৌরসভা। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক ইশরাত ফারজানা আনুষ্ঠানিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে শিশু ওয়ার্ডের জন্য ১০টি নতুন পেশেন্ট বেড হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পৌরসভার প্রশাসক সরদার মোস্তফা শাহিন, হাসপাতালের উপ-তত্ত্বাবধায়ক ডা. জয়ন্ত কুমার, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা।
পৌর কর্তৃপক্ষ জানায়, শিশু ওয়ার্ডের বেশ কিছু বেড নষ্ট হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে শিশু রোগী ও তাদের স্বজনদের ভোগান্তিতে পড়তে হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর পৌরসভার উদ্যোগে শিশু রোগীদের সেবার সুবিধার্থে মোট দশটি নতুন পেশেন্ট বেড সরবরাহ করা হয়েছে।
জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, “ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চাহিদার তুলনায় রোগীর চাপ বেশি। বিশেষ করে শীতকালে শিশু রোগীর সংখ্যা বেড়ে যায়। এ অবস্থায় শিশুদের জন্য নতুন বেডের ব্যবস্থা করায় পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।”
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, নতুন পেশেন্ট বেড যুক্ত হওয়ায় শিশু ওয়ার্ডে চিকিৎসাসেবা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে এবং রোগীরা উন্নত সেবা পাবেন।
মাসুদ বিপ্লব /শামি

প্রকাশিত: December 31, 2025 | সময়: 5:47 pm | Daily Sunshine