সর্বশেষ সংবাদ :

ওসমান হাদীর হত্যার বিচারের দাবীতে জাবি ছাত্রদলের তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল 

আলামিন খান,জাবি :

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১১.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র চত্ত্বরে এ মিছিল শুরু হয়।  মিছিলটি রবীন্দ্র চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ সালাম বরকত হলের সামনে গিয়ে শেষ হয়।

এসময় ছাত্রদল জাবি শাখার সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকের সঞ্চালনায়  হাদী হত্যার বিচার সহ অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর হুশিয়ারী দিয়ে বক্তব্য রাখেন ছাত্রদলের নেতাকর্মীরা।

শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর হাদীর আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দেড় বছর পেরিয়ে গেলেও এই অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সম্পূর্ণ ব্যার্থ হয়েছে। জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধাদের উপর বারংবার হামলা করা হয়েছে। এই সরকার ওসমান হাদীর নিরাপত্তা দিতে ব্যার্থ হয়েছে। একইসাথে তারা আরেকটি ব্যার্থতার পরিচয় দিয়েছে, তা হলো হাদীর উপর গুলিবর্ষণকারী সন্ত্রাসীরা দেশ পাড়ি দিয়ে বিদেশে চলে গিয়েছে। এটি এই সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সম্পূর্ণ ব্যাথতা। তিনি দাবি করেন, অবিলম্বে এই সরকার হাদী হত্যার সন্ত্রাসী ও হামলার সঙ্গে জড়িত সকলকে অতিসত্বর ভারত থেকে এনে, প্রয়োজনে ইন্টারপোলের সহয়তা নিয়ে, দেশে এনে ফাঁসি দিয়ে সুবিচার নিশ্চিত করতে হবে।

এসময় অন্যান্যদের মধ্যে ছাত্রদল নেতা নবীনূর নবীন, শামসুজ্জামান সায়েম, জোবায়ের আহমেদ, জাকির হোসেন, রাজু হাসান রাজন, আব্দুল গাফফার, সৈয়দা অনন্যা ফারিয়া সহ সকল হলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সানশাইন /শামি


প্রকাশিত: December 19, 2025 | সময়: 2:39 pm | Daily Sunshine