সর্বশেষ সংবাদ :

বাগমারায় প্রাথমিক বিদ্যালয়ে ১২৭ প্রধান শিক্ষকের পদ শূন্য

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বৃহত্তম বাগমারা উপজেলার ২২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১২৭টিতে প্রধান শিক্ষক নেই। ফলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে এসব বিদ্যালয়। এতে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের কাজ সহ পাঠদান।
অভিযোগ উঠেছে, সহকারি একজন শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করায় অন্য সহকারি শিক্ষকরা ইচ্ছেমত বিদ্যালয়ে আসা-যাওয়া করেন। সকাল ৯টার মধ্যে শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিত থাকার কথা থাকলেও অধিকাংশ শিক্ষক সকাল ১০-১১টার আগে বিদ্যালয়ে উপস্থিত হন না। আবার তারা বেলা ২টা-৩টার মধ্যে বিদ্যালয়ে ত্যাগ করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এই উপজেলায় সহকারি শিক্ষকের ১০৭৬টি পদ থাকলেও কর্মরত রয়েছেন ১০৪৩ জন। কর্মরত সহকারি শিক্ষকদের ৭০% রয়েছেন নারী শিক্ষক। এসব নারী শিক্ষকদের মধ্যে অনেকেই রয়েছেন প্রসূতিকালিন ছুটিতে। ফলে শিক্ষক শূন্যতা ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হওয়ার কারণে এখানে পাঠদান কিছুটা ব্যাহত হতে পারে। আবার প্রতি মাসে মাসে বেশ কয়েকজন প্রধান শিক্ষক অবসরে চলে যাচ্ছেন। ফলে প্রধান শিক্ষকের শূন্যতা আরো বেড়ে যাচ্ছে।
গত বৃহস্পতিবারও ১ জন বদলী জনিত কারণে এবং ২ জন অবসর জনিত কারণে প্রধান শিক্ষকরে পদ শূন্যতা সৃষ্টি হয়। ফলে এখানে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা দিন দিন নাজুক অবস্থায় পড়ছে।
বান্দাইখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার সরকার জানান, বিদ্যালয়ের মূল চালিকা শক্তি প্রধান শিক্ষকের হাতে। সেখানে প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত হলে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে এটাই স্বাভাবিক। সরাসারি প্রধান শিক্ষক নিয়োগ এবং প্রমোশন ভিত্তিতে প্রধান শিক্ষক নিয়োগ দুটি কার্যক্রমই বন্ধ রয়েছে। তাই এই সংকট সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম জানান, আমরা শিক্ষক স্বল্পতার বিষয়ে নিয়মিত তথ্য দিচ্ছি। নতুন নিয়োগ না আসা পর্যন্ত এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। এছাড়া অবকাঠামোগত দিক থেকে এই উপজেলার মাত্র ২টি প্রাথমিক বিদ্যলয়ের অবকাঠামোগত সমস্যা রয়েছে। এ দুটিতে নতুন ভবন নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম জানান, প্রধান শিক্ষকের শূন্যতার বিষয়ে শিক্ষা অফিসারকে তাগাদা দিয়েছি। অতি দুর্বল স্কুলগুলোর প্রতি আমরা খেয়াল রাখছি। এছাড়া সকল স্কুলে যাতে যথাযত ভাবে পাঠদান চলমান থাকে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।


প্রকাশিত: July 4, 2025 | সময়: 4:33 am | সুমন শেখ

আরও খবর