, , ।
টিপু সুলতান, তানোর: রাজশাহীর তানোরের কাশিমবাজার টু বায়া এবং তানোর উপজেলার গেট থেকে চৌবাড়িয়া রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যানবাহনে চড়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রীরা। মাঝে মধ্যে রাস্তার বড় বড় গর্তে বাস ও ট্রাকে চাকা দেবে যাচ্ছে। ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে যাত্রীদের। রাজশাহী সড়কের বায়া মোড় থেকে কাশিম বাজার মোড় পর্যন্ত বেশ কয়েকটি স্থানের রাস্তা ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে ট্রাক বাস সিএনজিসহ মটরসাইকেল।
সরেজমিন তানোর কাশিম বাজার মোড় থেকে বায়া সড়কে গিয়ে দেখা গেছে, কালীগঞ্জ বাজার মোড়, দেওতলা মোড়ের দক্ষিণের রাস্তা, চান্দুড়িয়া চকির ঘাট ব্রিজের সামনে, হাড়দহ বিলের মাঝের নাইস গার্ডেনের সামনের কয়েকটি স্থান, বাঘধানী মোড়ের পূর্ব দিকে এবং পশ্চিম দিকের রাস্তা এবং বাঘসারা মোড়ের উত্তর দিকে ও দক্ষিণে এবং চৌবাড়িয়া রাস্তায় জুড়ে বিভিন্ন স্থানে ছোট বড় বেশ কিছু গর্তের সৃষ্টি হয়েছে।
সোমবার হাড়দো বিলের মধ্যে মালবাহি একটি ট্রাক দেবে যাওয়ার প্রায় ৪ ঘন্টা ওই রাস্তা দিয়ে কোন বাস-ট্রাক চলাচল করতে পারেনি। বাস চালক কালাম বলেন, আর কত দিন তানোর-রাজশাহী রাস্তার ভাঙ্গাচুড়া খালাখন্দর থাকবে। এ রাস্তাগুলো কেন মেরামত করা হচ্ছে না।
দীর্ঘদিন ওই রাস্তা ভাঙ্গা স্থান গুলো সংস্কার না করায় বর্ষার বৃষ্টির পানি জমে থাকছে। রাস্তাগুলো বিভিন্ন স্থানের গর্তের কারনে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে জনসাধারণকে চরম দুর্ভোগ ও জীবনের ঝুকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
জরুরী প্রয়োজনে শহরে যাতায়াত এবং কৃষিপণ্য পরিবহনে সমস্যার সৃষ্টি হচ্ছে। স্থানীয়রা দ্রুত রাস্তাগুলো সংস্কারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
তানোর উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান বলেন, ‘বায়া মোড় থেকে কাশেমবাজার মোড় পর্যন্ত সড়কের হাড়দহ বিল পর্যন্ত অংশ তানোর উপজেলার অন্তর্ভুক্ত। এর পরের অংশ পড়ে পবা উপজেলার মধ্যে। অপর দিকে চৌবাড়িয়া রাস্তায় যেসব স্থানে গর্ত সৃষ্টি হয়েছে, সেগুলো দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।