, , ।
লিয়াকত আলী বাবলু,মহাদেবপুর :
মহাদেবপুর সহ সারা দেশে চাউলের দাম আকস্মিক বৃদ্ধি পাওয়ায় মহাদেবপুরে উপজেলা নির্বাহী অফিসার মজুদ বিরোধী অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা সহ ২ জনকে ৫ দিনের কারাদণ্ড প্রদান করেছেন । জানা গেছে ২৯ জুন রোববার বিকেলে উপজেলা সদরের মেসার্স নাহার অটো আতপ রাইস মিলে এবং চকগরি হাট এলাকায় ডি এম চাউল কলে মজুদ বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় উল্লেখিত প্রথম মিলে ১ হাজার মেট্রিক টন চাউল এবং ২শত১০ মেট্রিক টন ধান অতিরিক্ত মজুদ রাখার দায়ে ২০ হাজার টাকা জরিমানা সহ মিলের ম্যানেজারকে ৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
এরপর পরই উপজেলার চকগরি হাট এলাকায় স্থাপিত দ্বিতীয় মিলে অভিযান চালিয়ে ১২ শত মেট্রিক টন ধান ও ২ শত ৩২ মেট্রিক টন চাউল অতিরিক্ত মজুদ রাখার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা এবং মিল ম্যানেজারকে ৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মজুদ বিরোধী অভিযানে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান নেতৃত্ব দেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার খুরশিদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আরিফিন , ফুড ইন্সপেক্টর সোহেল রানা সহ মহাদেবপুর থানা পুলিশের একটি চৌকস দল।
সানশাইন /লিয়াকত/শামি