সর্বশেষ সংবাদ :

প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ‘বড় কিছু’ করতে পারেনি: স্বরাষ্ট্র উপদেষ্টা

সানশাইন ডেস্ক: জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ নিজেদের প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘বড় কিছু’ করতে পারেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি মনে করেন, টানা দেড় দশক ক্ষমতায় থাকা দলটি ‘আস্তে আস্তে’ নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব মন্তব্য করেন। এর আগে সেখানে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে যোগ দেন তিনি। বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে; সেই সঙ্গে কীভাবে পরিস্থিতি ভালো রাখা যায়, সেসব নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
“বৈঠকে উপস্থিত সব বাহিনীর প্রধানরা আশ্বস্ত করেছেন, নির্বাচনের সময় পরিস্থিতি ভালো থাকবে।” নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকাটা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না মন্তব্য করে উপদেষ্টা বলেন, “যারা অংশগ্রহণ করবেন, তাদের ওপরও নির্ভর করে। নির্বাচনটা যদি ভালো হয়, তাহলে যিনি জিতবেন, তার জন্য কিন্তু ভালো হবে। কিন্তু কোনো রকম যদি অসুবিধা হয়, তাহলে লোকজন বলবে নির্বাচন ভালো হয়নি।”
ভোটে কারচুপি ঠেকানোর প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, “পুলিশ ও অন্যান্য বাহিনী ছাড়াও রিটার্নিং অফিসার, পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার- এদেরও বড় দায়িত্ব রয়েছে। “সর্বোপরি পুরো নির্বাচনটা নির্ভর করে নির্বাচন কমিশনের ওপরে। কেননা সবাই কিন্তু নির্বাচন কমিশনের অধীনে কাজ করেন। ওনারা একটা ভালো জাতীয় নির্বাচন উপহার দেবেন, এটাই আশা করি।”
‘মব’ তৈরি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা, লালমনিরহাটে বাবা-ছেলে ও খিলগাঁও মন্দিরের দেয়াল ভাঙার প্রসঙ্গও আসে সংবাদ সম্মেলনে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নুরুল হুদার বিষয়টি কেউ আশা করেনি। কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। এটার জন্য আমরা সবাই দুঃখিত। এ ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে, সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় একজনকে আইনের আওতায় নেওয়া হয়েছে এবং জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার কথা বলেন তিনি। “এসব ক্ষেত্রে বাহিনীর কারো দুর্বলতা থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।” এ ধরনের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা আছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, “পুলিশ নিষ্ক্রিয় না; অনেকটা মানবিক হয়েছে। সমস্যা হলে আলোচনা করে সমাধান করতে চায়; এজন্য আপনারা ভাবেন পুলিশ নিষ্ক্রিয়। পুলিশের সক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে।”
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “মব বন্ধ করা যাচ্ছে না, কিন্তু কমিয়ে আনা হয়েছে। আগের চেয়ে অনেক কমেছে। জড়িতদের একটা বড় সংখ্যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।” কোন মাসে নির্বাচন ধরে প্রস্তুতি নেওয়া হচ্ছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, “আমরা এরিয়া ধরে এগোচ্ছি। সুনির্দিষ্ট করে দেবে নির্বাচন কমিশন।” সোমবার কোথাও কোথাও হওয়া আওয়ামী লীগের ঝটিকা মিছিল সম্পর্কেও উপদেষ্টার কাছে জানতে চান এক সাংবাদিক।
জবাবে তিনি বলেন, “গতকাল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। আমরা যেমনটা ভেবেছিলাম, ততটা বড় ঘটনা ঘটেনি। “এরা ঢাকা শহরে তেমন কিছু করতে পারেনি; বড় কিছু করতে পারেনি; তারা আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে।”


প্রকাশিত: June 25, 2025 | সময়: 4:32 am | সুমন শেখ