সর্বশেষ সংবাদ :

ইস্পাহানি গ্রুপের ২টি চা-বাগান পেলো গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড

স্টাফ রিপোর্টার: ইস্পাহানি গ্রুপের ২টি চা-বাগান শ্রমিক ও পরিবেশবান্ধব কর্মপরিবেশ নিশ্চিতের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালের গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। এবারের ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৫’ এ চা-ক্যাটাগরিতে দুটি পুরষ্কারের দুটিই অর্জন করেছে ইস্পাহানি গ্রুপের মালিকানাধীন চা-বাগান- ‘মির্জাপুর চা বাগান’ ও ‘জেরিন চা বাগান’।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয় এবং শিল্প-মন্ত্রণালয়ের অধীনস্থ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর যৌথ উদ্যোগে দেশীয় ১৬টি খাতের ৩০টি কারখানা/প্রতিষ্ঠানকে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৫’ প্রদান করা হয়। এ উপলক্ষে ২৪ জুন, মঙ্গলবার রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তন কেন্দ্রে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন এবং বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান। প্রধান অতিথি ও বিশেষ অতিথির হাত থেকে পুরষ্কার দুটি গ্রহণ করেন ইস্পাহানি গ্রুপের পরিচালক জনাব মির্জা আহমেদ ইস্পাহানি। এছাড়া ইস্পাহানির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্পাহানি টি-এস্টেট এর জি-এম, এ কে এম মাইনুল আহসান, জেরিন চা-বাগানের উপ-মহাব্যবস্থাপক, জনাব সেলিম রেজা এবং মির্জাপুর চা-বাগানের ব্যবস্থাপক, জনাব সাইদুজ্জামান।
উল্লেখ্য, ইতোপূর্বেও ইস্পাহানি গ্রুপের তিনটি চা-বাগান ‘গাজীপুর’, ‘জেরিন’ ও ‘নেপচুন’ ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৩’ এর পুরস্কারে পুরস্কৃত হয়েছিল। এবারের অ্যাওয়ার্ড প্রাপ্তি শ্রম বান্ধব, নিরাপদ ও শোভন কর্মপরিবেশ নিশ্চিতে ইস্পাহানি গ্রুপের দৃঢ় অঙ্গীকার ও ধারাবাহিক প্রচেষ্টার আরেকটি স্বীকৃতি।


প্রকাশিত: June 25, 2025 | সময়: 4:30 am | সুমন শেখ