, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে আসন্ন এইচএসসি পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রের একটি সেট বাতিল করা হয়েছে। নওগাঁর ধামইরহাট থানায় রক্ষিত প্রশ্নপত্রের ট্রাংক খোলা অবস্থায় পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলাম।
তিনি জানান, প্রশ্নপত্র সংরক্ষণের জন্য থানার ভল্ট বা মালখানা নির্ধারিত থাকলেও সেগুলো থানার হাজতে রাখা হয়েছিল, যেখানে একজন আসামিও অবস্থান করছিলেন। এমন অব্যবস্থাপনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে পুলিশকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে বলেও জানান তিনি। ঘটনার পরপরই দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) ও এক কনস্টেবলকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এদিকে, শনিবার (২১ জুন) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতেও এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, সম্প্রতি রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন ধামইরহাট উপজেলার সরকারি এম এম ডিগ্রি কলেজের জন্য ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের তিনটি ট্রাঙ্ক স্থানীয় থানার লকার রুমে সংরক্ষণ করা হয়। কিন্তু প্রশ্নপত্র সর্টিংয়ের সময় দেখা যায়, একটি ট্রাঙ্ক তালাবিহীন অবস্থায় রয়েছে এবং ইতিহাস ২য় পত্রের (বিষয় কোড-৩০৫) একটি প্যাকেট লকার রুমের এক কোণায় পড়ে আছে। জেলা প্রশাসনের প্রাথমিক তদন্তে জানা যায়, উক্ত প্যাকেটে থাকা কিছু প্রশ্নপত্র ছেঁড়া থাকলেও সংখ্যায় কোনো ঘাটতি নেই। এরপরই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন, নওগাঁ। কমিটিকে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রশ্নপত্র খোলা অবস্থায় পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইতিহাস ২য় পত্রের সেই নির্দিষ্ট সেটটি বাতিল করা হয়েছে। তবে বোর্ডের কাছে অন্যান্য বিকল্প সেট সংরক্ষিত থাকায় পরীক্ষায় কোনো ধরনের বিঘ্ন ঘটবে না বলেও জানানো হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, মঙ্গলবার রাতে হাজতে থাকা এক আসামি ট্রাংকের সিলগালা ও তালা খুলে ফেলে ভেতরে থাকা প্রশ্নপত্র ছড়িয়ে দেন এবং কয়েকটি ছিঁড়ে ফেলেন।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার জানান, আসামির এক হাতে হাতকড়া থাকলেও অন্য হাত খোলা ছিল। নখ দিয়ে তিনি ট্রাংকের সিলগালা উঠিয়ে ফেলেন এবং তালা খোলেন। এরপর প্রশ্নপত্র ছিঁড়ে ফেলেন। পুরো ঘটনা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন জানান, ওই প্যাকেটে মোট ৫০টি প্রশ্নপত্র ছিল। সবগুলোই উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কয়েকটি ছেঁড়া থাকলেও কোনো প্রশ্ন হারায়নি।
ঘটনার তদন্তে জেলা প্রশাসন ও জেলা পুলিশ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। একই সঙ্গে রাজশাহী শিক্ষা বোর্ডের একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় সরকারি সম্পদ বিনষ্টের অভিযোগে আসামির বিরুদ্ধে নতুন করে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ড জানিয়েছে, আগামী ১৯ জুলাই অনুষ্ঠিতব্য ইতিহাস দ্বিতীয় পত্রের পরীক্ষাটি বিভাগের আট জেলায় বিকল্প প্রশ্নপত্রে নেওয়া হবে। এ বছর এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে ২৬ জুন। এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিবেন ১ লাখ ৩৩ হাজার ২৫২ জনে। এর মধ্যে ছাত্র ৬৮ হাজার এবং ছাত্রী ৬৪ হাজার জন।