, , ।
স্টাফ রিপোর্টার, নওগাঁ: ন্যূনতম নিরাপত্তা বিহীন, নিয়ম নীতিকে কোন তোয়াক্কা না করে, অবৈধভাবে বিভিন্ন কোম্পানির গ্যাস রিফিল করে এবং বাজারে কম দামে দীর্ঘদিন যাবত বিক্রি করে আসছে নওগাঁর মজুমদার এলপিজি নামক এক প্রতিষ্ঠান। এর প্রতিবাদে জেলা বেসরকারি এলপি গ্যাস পরিবেশক সমিতি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের স্থানীয় হোটেল আয়োজন নামক একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে সমিতির সহ-সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ, কোষাধক্ষ্য অসিত কুমার সাহা প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, নওগাঁ শহরের বিসিক শিল্প নগরীর পাশে মজুমদার এলপি গ্যাস নামক এক প্রতিষ্ঠান দীর্ঘ কয়েক বছর ধরে বসুন্ধরা, ওমেরা, যমুনা, বেক্সিমকো, জে এম আই, গ্রীনসহ বিভিন্ন কোম্পানির সিলিন্ডার ওজন কম দিয়ে কম দামে কোয়ালিটি বিহীন অটো গ্যাস রিফিল করে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে গ্যাস বাজারজাত করে আসছেন।
এতে একদিকে গ্রাহক ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যদিকে সরকার ভ্যাট ট্যাক্স আয়কর থেকে বঞ্চিত হচ্ছে। বেসিক শিল্প নগরীর পাশে অবৈধভাবে স্যাটেলাইট প্ল্যান বসিয়ে দীর্ঘ প্রায় পাঁচ বছর যাবৎ এই অবৈধভাবে ব্যবসা করে আসছে। তার অবৈধ ভাবে এই ব্যবসা বন্ধের দাবিসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পরে তারা এই অবৈধ ব্যবসা বন্ধের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় উত্তরবঙ্গের লোয়াবের প্রতিনিধিরা সব কোম্পানির প্রতিনিধি পরিবেশকরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে অভিযোগকৃত মজুমদার এলপি গ্যাসের প্রোপাইটার নিপেন্দ্রনাথ মজুমদারের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান আমি কোন অবৈধ ব্যবসা করি না। কে বা কারা করে, আমি তা জানি না। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।