সর্বশেষ সংবাদ :

টানা গরমের পর স্বস্তি দিল বৃষ্টি

স্টাফ রিপোর্টার: দীর্ঘ তাপদাহ ও প্রচণ্ড গরমে অতিষ্ট হয়ে উঠেছিল রাজশাহীর জনজীবন। টানা নয় দিন মৃদু তাপপ্রবাহের পর রবিবার (১৫ জুন) দুপুরে রাজশাহীতে নামে স্বস্তির বৃষ্টি। দুপুর একটার দিকে শুরু হয়ে প্রায় আড়াইটা পর্যন্ত চলে এই বৃষ্টি। হালকা গুঁড়িগুঁড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টিতে ভিজে যায় রাজশাহীর রাজপথ, ঘরবাড়ি ও ক্লান্ত প্রকৃতি।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিনের ভ্যাপসা গরমে মানুষ চরম দুর্ভোগে ছিল। বিশেষ করে খেটে খাওয়া মানুষজন অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। শহরের রাস্তাঘাটে লোকজন কমে গিয়েছিল, আমবাজারে চাপও কমেছিল।
রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সর্বশেষ ৩ জুন ১৯ মিলিমিটার ও ৪ জুন ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল রাজশাহীতে। এরপর থেকেই তাপমাত্রা বাড়তে থাকে। গত ৬ জুন থেকে শনিবার পর্যন্ত টানা ৯ দিন রাজশাহীতে বয়ে যায় মৃদু তাপপ্রবাহ। বাতাসে আর্দ্রতার মাত্রা বেড়ে যাওয়ায় গরম আরও বেশি অনুভূত হচ্ছিল।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রহিদুল ইসলাম জানান, রোববার ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আকাশে এখনও মেঘ রয়েছে, আরও বৃষ্টি হতে পারে। এ ছাড়া চলতি সপ্তাহজুড়ে রাজশাহী ও আশপাশের জেলায় মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


প্রকাশিত: June 16, 2025 | সময়: 5:48 am | সুমন শেখ