ওয়ানডেতে দুই বলের নিয়মে বড় বদল আনলো আইসিসি

স্পোর্টস ডেস্ক: পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে ও কনকাশন বদলি সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন আনলো আইসিসি। আইসিসির পুরুষ ক্রিকেট কমিটির সুপারিশ এবং চিফ এক্সিকিউটিভ কমিটির অনুমোদনের পর এই নতুন নিয়ম কার্যকর হতে যাচ্ছে।
পরিবর্তিত নিয়ম অনুযায়ী, ওয়ানডেতে এখন থেকে ইনিংসের শুরু থেকে ৩৪তম ওভার পর্যন্ত দুই প্রান্ত থেকে দুইটি নতুন বল ব্যবহার করা হবে। তবে ৩৫তম ওভার থেকে ইনিংসের শেষ পর্যন্ত (৫০ ওভার) দুই বলের মধ্যে যেকোনো একটি বল বেছে নিয়ে সেটিই দুই প্রান্ত থেকে ব্যবহার করবে বোলিং দল।
আইসিসির ভাষ্য অনুযায়ী, ব্যাট-বলের ভারসাম্য ফেরাতেই এই পরিবর্তন আনা হয়েছে। যদি কোনো ওয়ানডে ম্যাচ ইনিংস শুরু হওয়ার আগেই ২৫ ওভারে নেমে আসে, তবে সেই ইনিংসে কেবল একটি নতুন বলই ব্যবহার করা হবে।
সব ফরম্যাটেই কনকাশন বদলির ক্ষেত্রে এবার পাঁচটি নির্দিষ্ট ভূমিকায় বিকল্প খেলোয়াড়ের নাম ম্যাচ শুরুর আগেই জানাতে হবে ম্যাচ রেফারিকে। এই ভূমিকাগুলো হলো: ১ জন উইকেটকিপার, ১ জন ব্যাটার, ১ জন পেসার, ১ জন স্পিনার ও ১ জন অলরাউন্ডার। এটি করা হয়েছে যেন আগামভাবে ভূমিকাভিত্তিক বদলি নির্ধারিত থাকে এবং বিতর্ক এড়ানো যায়।
এই বছর জানুয়ারিতে ভারতের শিভম দুবের জায়গায় হর্ষিত রানাকে কনকাশন বদলি হিসেবে নামানো নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছিল। কারণ দুবে ছিলেন ব্যাটিং অলরাউন্ডার, আর হর্ষিত মূলত পেসার। নতুন নিয়মে এমন পরিস্থিতি এড়ানো যাবে বলে আশা করা হচ্ছে। তবে, যদি কোনো বদলি খেলোয়াড়ও চোট পেয়ে কনকাশনের শিকার হন, তখন নিয়ম অনুযায়ী ‘লাইক ফর লাইক’ ভিত্তিতে পাঁচজনের বাইরে থেকেও একজনকে অনুমতি দিতে পারবেন ম্যাচ রেফারি।
এমসিসি’র আপডেট অনুযায়ী, ফিল্ডারদের ‘বানি হপ’ করে অর্থাৎ বাউন্ডারির বাইরে লাফিয়ে গিয়ে ক্যাচ ধরা এখন থেকে বৈধ হবে না। এই নিয়মটি সব ফরম্যাটেই প্রযোজ্য হবে।


প্রকাশিত: জুন ১৫, ২০২৫ | সময়: ৪:১৭ পূর্বাহ্ণ | সুমন শেখ