দেশে প্রতি বছর প্রায় এক কোটি ৫০ লাখ মেট্রিক টন দুধ উৎপাদিত হয়

স্টাফ রিপোর্টার: প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে প্রতি বছর প্রায় এক কোটি ৫০ লাখ মেট্রিক টন দুধ উৎপাদিত হয়। চাহিদা রয়েছে এক কোটি ৫৯ লাখ টনের বেশি। উৎপাদিত দুধের ৯০ শতাংশ গরু, ৮ শতাংশ ছাগল এবং ২ শতাংশ মহিষের কাছ থেকে আসে। বর্তমানে প্রতিদিন মাথাপিছু দুধ গ্রহণের পরিমাণ ২৩৪ দশমিক ৪৫ মিলিলিটার, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২৫০ মিলিলিটার গ্রহণের সুপারিশ করেছে। দুধ কেবল পুষ্টিকর খাদ্য নয়, এটি অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানেরও বড় উৎস।
‘‘দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি এক সাথে’’ এই স্লোগানের মধ্য দিয়ে রাজশাহীতে বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাজশাহী জেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে রোববার সকাল ১০টার দিকে গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী হাট দুগ্ধ ও গবাদিপশু উন্নয়ন খামারে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে রাজাবাড়ী হাট থেকে শিক্ষার্থীসহ বিভিন্ন সুধিজনদের অংশগ্রহণে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বাজারের প্রধান রাস্তা প্রদক্ষিণ করে রাজাবাড়ী হাট দুগ্ধ ও গবাদিপশু উন্নয়ন খামারের প্রশিক্ষণ ভবনে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আতোয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী প্রশাসক আফিয়া আখতার।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার মোজাফফর হোসেন, গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, গোদাগাড়ী সহকারি কমিশনার (ভূমি) শামসুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা শারমিন শায়লা, পবা উপজেলা প্রাণী সম্পদক কর্মকর্তা সুব্রত কুমার সরকারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, খামরি, স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ সুধিজন।
আলোচনা সভায় রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, শিশুদের মেধাবিকাশ ও বাড়ন্তর জন্য প্রত্যেক শিশুকে দুগ্ধ পান করা প্রয়োজন। এছাড়াও সকল বয়সী মানুষের জন্য দুধ পান সকলের জন্য উপকারী। এই এলাকার খামারিদের উন্নয়নের জন্য কাজ করা প্রয়োজন। তিনি সরকারি প্রতিষ্ঠান ছাড়াও বেসরকারি ভাবে যেসব প্রতিষ্ঠান গরু পালন করে দুধ মাংস উৎপাদন করে তাদের এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য ও রাজশাহী অঞ্চলের দুগ্ধ উৎপাদন, গরু পালন ও খামারিদের উন্নয়ন নিয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন, রাজাবাড়ী হাট দুগ্ধ ও গবাদিপশু উন্নয়ন খামারের সহকারি পরিচালক ডা. ইসমাইল হোসেন।
পরে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে শিক্ষার্থীদের অংশ গ্রহনে চিত্রাংকন প্রতিযোগীতা, রচনা ও কুইজ প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। এর পর অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী, শিশুসহ সকলকে নিরাপদ দুধ পান করানো হয়।
নওগাঁ: উপলক্ষে নওগাঁয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সার্কিট হাউজ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
এসময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, নওগাঁ সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আমিনুল ইসলাম সহ সরকারি বিভন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, দুগ্ধ খামারি উপস্থিত ছিলেন।
বক্তারা মানব দেহের পুষ্টি ঘাটতি কমাতে দুগ্ধ শিল্পের উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সকলকের প্রতি আহবান জানান। আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন।
জয়পুরহাট প্রতিনিধি: এ উপলক্ষে রোববার বেলা ১১ টায় জেলা প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে এবং প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় জেলা প্রাণি সম্পদ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র‌্যাল বের করা হয়। র‌্যালিটি সবুজ নগর সড়ক পর্যন্ত গিয়ে পুনরায় ফিরে এলে জেলা প্রাণি সম্পদ ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মহির উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন ও সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম।
এতে অন্যদের মধ্যে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন সভাপতি সাদমান আলিফ লাম রায়হান ও জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি অফিসার ডা. রুস্তম আলী বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


প্রকাশিত: জুন ২, ২০২৫ | সময়: ৪:৩৩ পূর্বাহ্ণ | সুমন শেখ