, , ।
সানশাইন ডেস্ক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা (বোনাস) দ্বিগুণ করা হয়েছে। এত দিন তাঁদের দেওয়া হতো মূল বেতনের ২৫ শতাংশ হারে বোনাস, নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে তাঁরা পাবেন ৫০ শতাংশ।
স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা আসন্ন ঈদুল আজহার আগেই এই বর্ধিত উৎসব ভাতা পাবেন। তবে এসব প্রতিষ্ঠানের কর্মচারীদের বোনাসের হার অপরিবর্তিত থাকবে, কারণ তাঁরা আগেই মূল বেতনের ৫০ শতাংশ হারে বোনাস পেয়ে আসছেন।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সোমবার এই সিদ্ধান্ত কার্যকর করে চারটি শর্ত যুক্ত করেছে। সেগুলো হলো-উৎসব ভাতা প্রদানের ক্ষেত্রে সব ধরনের আর্থিক বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে। কোনো অনিয়ম হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে। প্রশাসনিক মন্ত্রণালয় যেদিন এ বিষয়ে আদেশ (জিও) জারি করবে, সেদিন থেকেই তা কার্যকর হবে ও জিও কপি অর্থ বিভাগে পাঠাতে হবে।
এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছিলেন। গত মাসে দেওয়া সেই পোস্টে তিনি জানান, ঈদুল আজহার উৎসব ভাতা ২৫ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
এরও আগে, ৫ মার্চ শিক্ষা উপদেষ্টার দায়িত্ব ছাড়ার সময় পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছিলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ছাড়াও বাড়িভাড়া, চিকিৎসা এবং বিনোদন ভাতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। সারা দেশে বর্তমানে প্রায় পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী রয়েছেন। তাঁরা সরকারের কাছ থেকে মূল বেতন এবং নির্ধারিত কিছু ভাতা পান। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, বোনাস বৃদ্ধির ফলে এক ঈদেই সরকারের অতিরিক্ত ব্যয় হবে আনুমানিক ২২৯ কোটি টাকা।