সর্বশেষ সংবাদ :

জমি নিয়ে বিরোধে দুর্গাপুরে প্রতিপক্ষের হামলায়  নিহত ১, আহত ৯

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর:
রাজশাহীর দুর্গাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে উভয় পক্ষের সংঘর্ষে হাসিবুর রহমান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দী গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমির ভাগ-বাটোয়ারা নিয়ে দুই ভাইয়ের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তা মারামারিতে রূপ নিলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
আহতদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর হওয়ায় প্রথমে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাসিবুর রহমান মারা যান।
আহতরা হলেন, ওয়াজেদ আলী (৫৫), সুনু আলী (৪০), শহিদুল ইসলাম (৫২), আব্দুস সালাম (৫৭), আলাউদ্দিন (৪৫), নাজেরা বেগম (৫৫), নাজমুল হক (৫৫), মোশারফ হোসেন (২৩) ও শাহিন (২৩)। তারা সকলেই হোজা অনন্তকান্দী গ্রামের বাসিন্দা।
সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, একই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে আবারও হান্নান গ্রুপ ও রেজাউল গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একটি সার ও কীটনাশকের দোকানে অগ্নিসংযোগ করা হয়।
নিহতের চাচাতো ভাই মো. আব্দুল্লাহ বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ওরা আগে থেকেই জমিটা দখল করতে চেয়েছিল। এমনকি ২০০৫ সালে আমার আরেক চাচাতো ভাই ইসহাককেও এভাবে কুপিয়ে মেরে ফেলেছিল। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হুদা জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয় এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সানশাইন /রবি/শামি

প্রকাশিত: May 15, 2025 | সময়: 9:02 pm | Daily Sunshine

আরও খবর