সর্বশেষ সংবাদ :

পুঠিয়ায় সরকারি পুকুর টেন্ডার নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ

ইমাম হোসেন, পুঠিয়া ডিজিটাল :

পুকুর টেন্ডার নিয়ে ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীর পুঠিয়ায় বিএনপির দু-গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় একটি বিএনপির অফিস ও তিনটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়েছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিএনপির স্থানীয় অফিস ভাঙচুরের পর সেখানে গিয়ে দেখা গেছে শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি সম্বলিত ব্যানার মাটিতে ছেড়া অবস্থায় পড়ে থাকতে। এছাড়াও বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত আরো কয়েকটি পোস্টার ব্যানার মাটিতে পড়েছিল।

 

বুধবার (১৪ মে) পুঠিয়া উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় কয়েকটি পুকুর টেন্ডার নেয়াকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি’র নেতা কর্মীদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। ওই ঘটনার রেশ ধরে পরে রাতে পুঠিয়া রাজবাড়ী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ-সেনাবাহিনীর যৌথ চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

 

অপরদিকে ওই সংঘর্ষের ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরজ করছে। পাশাপাশি ওই ঘটনায় সাধারণ মানুষরা আতঙ্কিত হয়ে আছেন। পরিস্থিতি শান্ত রাখতে ঘঠনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ-র‍্যাব। সংঘর্ষের ঘটনায় আহতরা বর্তমানে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুঠিয়া উপজেলার বিএনপির দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এদের এক পক্ষের নেতৃত্বে রয়েছেন পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের লোকজন অন্য পক্ষের নেতৃত্বে রয়েছেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফারুক রায়হান ও তার ভাই জুলফিকার ভুট্টুসহ তাদের লোকজন। দুই পক্ষের লোকজন পুঠিয়া মডেল স্কুল এন্ড কলেজ সংলগ্ন ৭টি পুকুর টেন্ডারে অংশ নেন। গতকাল টেন্ডারকে কেন্দ্র করে বিকেলের পর থেকে উপজেলা পরিষদ চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়। পরে রাতে দুপক্ষই দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় কয়েক ঘণ্টা ধরে চলে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষ অগ্নিসংযোগ। সবশেষ পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সানশাইন /ইমাম/শামি


প্রকাশিত: May 15, 2025 | সময়: 1:56 pm | Daily Sunshine

আরও খবর