সর্বশেষ সংবাদ :

গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত ইসলামী বিশ্ববিদ্যালয়

ইবি প্রতিনিধিঃ

আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা গ্রহণের লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। এ উপলক্ষে ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করতে বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে গণমাধ্যমে এসব কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার শৃঙ্খলা রক্ষা কমিটির আহবায়ক ও প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান।

এসময় প্রক্টর বলেন, ইবি কেন্দ্রে প্রথম দিন সি ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৩১০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। অনুষদ ভবন ও রবীন্দ্র নজরুল কলা ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসের সর্বোচ্চ শৃঙ্খলা রক্ষার্থে আমরা বদ্ধপরিকর। ভিতরে ও বাহিরে পুলিশ ও র‍্যাবের সার্বক্ষণিক টহলের ব্যবস্থা থাকবে। ভর্তি পরীক্ষা যেন নকল ও প্রক্সি মুক্ত হয় সেজন্য আমাদের নজরদারি অব্যাহত থাকবে।

সার্বিক নিরাপত্তা বজায় রাখতে প্রক্টরিয়াল বডির সাথে বিএনসিসি রোভার স্কাউটের সদস্যরা বিভিন্ন ভবনে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন প্রক্টর। পাশাপাশি ক্যাম্পাসের নিরাপত্তায় পুলিশ, আনসার সদস্য এবং রিজার্ভ ফোর্স হিসেবে সেনাবাহিনীও প্রস্তুত থাকবে বলে জানান তিনি। এছাড়া সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে মোবাইল কোর্ট থাকবে।

প্রক্টর বলেন, প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারের পেছনে অভিভাবকদের বিশ্রামের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও মেইন গেটের সামনে ক্রিয়াশীল ছাত্র সংগঠন গুলোর স্টল থাকবে যেখানে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিভিন্ন সেবা দেওয়া হবে।

সকাল ৯:৩০ থেকে পরীক্ষার্থীরা গেট দিয়ে প্রবেশ করতে পারবে উল্লেখ করে প্রক্টর জানান, প্রবেশপত্র দেখিয়ে প্রতিটি পরীক্ষার্থীকে গেট দিয়ে ঢুকতে হবে এবং তারা কোন ইলেকট্রনিক ডিভাইস, হাতঘড়ি নিয়ে কেন্দ্রে ঢুকতে পারবে না। প্রতিটি ভবনের নীচে আমাদের দায়িত্বশীলরা চেক করে করে তাদের পরীক্ষার হলে ঢোকাবেন৷ ১০ টার মধ্যেই তাদের পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।  এছাড়া পরীক্ষার্থীদের সহায়তায় সিকিউরিটি টিমের দুটি মোটরসাইকেল ও দুটি গাড়ি থাকবে দেরি করে আসা পরীক্ষার্থীদের দ্রুত কেন্দ্রে পৌঁছে দেওয়া জন্য।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ভর্তিপরীক্ষার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় সম্পূর্ণভাবে প্রস্তুত। আগামীকাল সি ইউনিটের পরীক্ষার জন্য জিএসটির নিয়ম অনুসারে দায়িত্বশীল সবাই তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। ডিন, প্রক্টর সবাই নিজ নিজ কাজ করছে৷ আমি অফিসে বসে প্রতিটি কমিটির কাজ মনিটর করছি৷ মেইন গেটের বাইরে ছাত্রসংগঠন গুলোকে লটারির মাধ্যমে জায়গা দেওয়া হয়েছে, অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে৷ শিক্ষকদের গাড়ি গুলো ডরমিটরির পাশের গেট দিয়ে ঢুকবে। মেইন গেট দিয়ে পরীক্ষার্থীদের বাইরে আর কেও এদিকে আসতে পারবে না। আইনশৃঙ্খলা রক্ষায় যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি একটি উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তিপরীক্ষা সম্পন্ন হবে।

সানশাইন /ওয়াসিফ /শামি

 


প্রকাশিত: April 25, 2025 | সময়: 1:04 pm | Daily Sunshine

আরও খবর