সর্বশেষ সংবাদ :

রাণীনগরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৪ বস্তা চাল জব্দ

রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৭১৯ কেজি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করা হয়েছে। বুধবার রাত ১১টার দিকে উপজেলার পারইল ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের আশরাফ আলীর বাড়ি থেকে এ চাল পাওয়া যায়।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১১টার দিকে উপজেলার ধোপাপাড়া গ্রামের আশরাফ আলীর বাড়িতে অভিযান চালায় রাণীনগরের এসিল্যান্ড নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান। অভিযানে ওই বাড়িতে ৫০ কেজি ওজনের ৩৪ বস্তা চাল এবং ১৯ কেজি চালের একটি বস্তা পাওয়া যায়।
স্থানীয়রা বলছে, জব্দকৃত সব চাল সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল। এসব চাল বিলকৃষ্ণপুর বাজার পয়েন্টের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার শহিদুল ইসলাম সুইটের। তিনি ও তার সহযোগীরা এসব চাল ওই বাড়িতে রেখেছিল। এই চালের মূলহোতা ডিলার সুইট। চালের বস্তার পাশে খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চালের খালি বস্তা পড়ে ছিল। আর চালগুলো অন্য প্লাস্টিকের বস্তায় রাখা ছিল। এসব চাল বাহিরে বেশি দামে বিক্রির জন্য ওই বাড়িতে রাখা হয়েছিল। দ্রুত তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি তাদের।
জানতে চাইলে বাড়ির মালিক আশরাফ আলী বলেন, আমি বাড়িতে ছিলাম না। এসে জানতে পারি ডিলার সুইট আমার বাড়িতে চাল রেখেছে। আমি তাকে চাল নিয়ে যেতে বললে তিনি পরে নিয়ে যাবে বলে জানায়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলার বিলকৃষ্ণপুর বাজার পয়েন্টের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার শহিদুল ইসলাম সুইট বলেন, চালগুলো আমার না। বাড়ির মালিক আমার নামে মিথ্যা কথা বলছে।
এ ব্যাপারে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


প্রকাশিত: April 25, 2025 | সময়: 3:59 am | সুমন শেখ