সর্বশেষ সংবাদ :

দীর্ঘ ৬ বছর পর ভারমুক্ত হলো বাগাতিপাড়া সরকারি কলেজ

বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত বাগাতিপাড়া সরকারি কলেজ, যা জাতীয়করণ হয় ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর। শিক্ষা প্রতিষ্ঠান সমৃদ্ধ এ উপজেলার একমাত্র সরকারি কলেজ এটি। ১৯৮৪ সালে স্থাপিত হলেও, ৬ বছর আগে কলেজটি সরকারি অনুমোদন পেলেও অধ্যক্ষ নিয়োগ পায়নি।
চাকুরির বয়োজ্যৈষ্ঠ অনুসারে কলেজের শিক্ষকরাই ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমের দায়িত্ব পালন করেছেন এতদিন। অবশেষে কলেজটির অধ্যক্ষ পদটি ভারমুক্ত হল। গত ৮ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে বাগাতিপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে বদলি করা হয়। প্রজ্ঞাপনটিতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপসচিব (সরকারি কলেজ-২) মাহাবুব আলম।
বৃহস্পতিবার কলেজটিতে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন অধ্যাপক আব্দুল্লাহিল কাফি। ১৪ তম বিসিএস উত্তীর্ণ, সাধারণ শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তার বাড়ির চাঁপাইনবাবগঞ্জ জেলায়। ইতিপূর্বে তিনি রাজশাহী কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নতুন অধ্যক্ষ হিসেবে অধ্যাপক আব্দুল্লাহিল কাফি যোগদানের জন্য কলেজ ক্যাম্পাসে পৌঁছালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সারোয়ার জামান, কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এদিকে দীর্ঘ ছয় বছর পর কলেজটি অধ্যক্ষ নিয়োগ পাওয়ায় উৎফুল্ল এবং উচ্ছ্বসিত কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা। এলাকাবাসীসহ কলেজের শিক্ষক কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্র-ছাত্রীসহ সকলের প্রত্যাশা নতুন অধ্যক্ষ কলেজের শিক্ষার মান উন্নয়ন এবং কলেজটিকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ায় ভূমিকা পালন করবেন।


প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৫ | সময়: ২:৪৮ পূর্বাহ্ণ | সুমন শেখ