বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
হিলি প্রতিনিধিঃ
দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় আটক হয়েছেন ডালিম কুমার রায় (৩২) নামে এক বাংলাদেশি। ছয় ঘণ্টা পর তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
৭ এপ্রিল, মঙ্গলবার দুপুরে হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখা দিয়ে ওই যুবককে বিজিবির হিলি আইসিপি কমান্ডার সুবেদার শাহাদাৎ হোসেনের কাছে হস্তান্তর করেন ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার রাজ কামাল। এর আগে, দুজনের মাঝে এক বৈঠক অনুষ্ঠিত হয়। পরে, ওই বাংলাদেশি নাগরিককে অবৈধ অনুপ্রবেশের দায়ে হাকিমপুর থানায় হস্তান্তর করে বিজিবি।
ডালিম কুমার রায় দিনাজপুর জেলার খানসামা উপজেলার বানপাড়া গ্রামের কালিপদ রায়ের ছেলে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিয়া বলেন, ‘অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করে ডালিম কুমার রায় নামে এক ব্যক্তিকে হাকিমপুর থানায় হস্তান্তর করেছে বিজিবি। তিনি অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং সেখানে বিএসএফ তাকে আটক করে বিজিবির কাছে ফেরত দেয়।’
এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে আরও সতর্কতা অবলম্বন করার বিষয়টি আলোচনায় এসেছে।
সানশাইন /ইমরুল/শামি