সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো গণহত্যা দিবস

স্টাফ রিপোর্টার: মুক্তিকামী বাঙালির স্বাধিকার আন্দোলনকে নির্মমভাবে দমন করতে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকায় চালায় ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞ। “অপারেশন সার্চলাইট” নামের সেই নারকীয় অভিযানে নিরস্ত্র সাধারণ মানুষ, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্বিচারে হত্যা করা হয়। সেই রাতের বিভীষিকাময় হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যে রক্তঝরা পথের সূচনা হয়েছিল, তারই ধারাবাহিকতায় শুরু হয় মুক্তিযুদ্ধ। টানা নয় মাসের সংগ্রাম ও আত্মত্যাগের বিনিময়ে বিশ্ব মানচিত্রে জন্ম নেয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। জাতীয়ভাবে স্বীকৃত “গণহত্যা দিবস” উপলক্ষে মঙ্গলবার (২৫ মার্চ) রাজশাহী জেলা ও মহানগরের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে দিনটি। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, মোমবাতি প্রজ্বালন, মানববন্ধন ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে স্মরণ করা হয় সেই বিভীষিকাময় রাতের শহীদদের।
রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণহত্যা দিবস উপলক্ষে সন্ধ্যা ৭:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, এবং জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার। দিবসটি উপলক্ষে সরকারের নির্দেশনা অনুসারে এক মিনিট ব্ল্যাক আউট কর্মসূচিও পালিত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীরা একযোগে এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করে ইতিহাসের ভয়াল রাতের শহীদদের স্মরণ করেন।
নিয়ামতপুর: সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। দায়িত্ব প্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের সভাপতিত্বে ও উপজেলা আইসিটি অফিসার রাসেল রানার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, বিমল চন্দ্র প্রামানিক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল লতিফ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন।
সাপাহার: গণহত্যা দিবস উদ্যাপন উপলক্ষে সাপাহারে স্মৃতিচারণ ও আলোচনা সভা সাপাহার উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় নির্বাহী অফিসার সেলিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় গণহত্যার স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন, সাপাহার উপজেলা সহকারী (ভূমি) কমিশনার আবিদা সিফাত, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আরিফুজ্জামান, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. গোলাম রাব্বানী, সমাজ সেবা অফিসার, দেলোয়ার হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ, সাপাহার প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক তছলিম উদ্দীন, সম্পাদক বাবুল আকতার। বক্তব্য ও স্মৃতিচারণ শেষে গণহত্যার শিকার সকল শহীদ ও মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এমসময় উপজেলা পরিষদের সকল বিভাগের কর্মকর্তারা ইমাম, সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।
গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল দশ টায় উপজেলা সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভুমি কৃষ্ণ চন্দ্র। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা কামাল, উপজেলা আনসার ভিডিপি অফিসার ফরহাদ আলম চৌধুরী, উপজেলা ভেটেনারি সার্জন বরুন কুমার প্রামানিক, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, শিক্ষক আব্দুল অহাব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যুগ্ম-আহবায়ক রাসেল আলী প্রমুখ।
রাণীনগর: নওগাঁর রাণীনগরে গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবায়দুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফি ফয়সাল তালুকদার।
গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ীতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা সেমিনার কক্ষে সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শামসুল ইসলাম সহকারী কমিশনার (ভূমি), মৎস্য অফিসার অহেদুজ্জামান, শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, গোদাগাড়ী মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রুহুল আমিন, অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, সহকারী প্রকৌশলী মনসুর রহমান সকল দপ্তরের কর্মকর্তারা।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফায়সাল আহমেদ বলেন, মহান মুক্তিযুদ্ধের ২৫ মার্চ রাতের গণহত্যার ভয়াবহতা ছিলো ভয়ংকর। একটি জাতি সত্তাকে নিশ্চিহ্ন করে দেওয়ার নীল নকশা ছিল এটি। কিন্তু পাকিস্তান হানাদার বাহিনীর এ অপতৎপরতা সফল হয়নি। আমরা স্বাধীনতা অর্জন করেছি। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ এগিয়ে যাবে। এছাড়া উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বিশিষ্ট ব্যক্তি এবং বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে স্মৃতিচারণমূলক আলোচনা সভার আয়োজন করা হয়।
রাত দশটা ৩০ মিনিটে এক মিনিটের জন্যে কগুরুত্বপূর্ণ স্থাপনা ব্যতীত প্রতীকী ব্লাক-আউট করা হবে।
আত্রাই: নওগাঁর আত্রাইয়ে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আত্রাই উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, ‘১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা শুধু একটি কালরাত্রি নয়, এটি বাঙালির বীরত্ব ও সংগ্রামের ইতিহাসের এক করুণ অধ্যায়। এই দিনে আমরা হারানো প্রাণগুলিকে শ্রদ্ধাভরে স্মরণ করি এবং তাদের আত্মত্যাগকে স্মরণে রেখে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ হই।’ অনুষ্ঠানে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, এছাড়াও দুপুর ১২টায় গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। অনুষ্ঠানে ছিলেন, আত্রাই থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক মুজাহিদ খাঁন, আত্রাই থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার নাসির উদ্দিন, কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, উপজেলা নির্বাচন অফিসার ফেরদৌস আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, ইউপি চেয়ারম্যানবৃন্দ খবিরুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম মুঞ্জ, নাজিমুদ্দিন, আত্রাই প্রেসক্লাবের সভাপতি তপন কুমার।


প্রকাশিত: March 26, 2025 | সময়: 3:21 am | সুমন শেখ