পবায় অবৈধ দুইটি ইটভাটায় অভিযান, এক লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলায় অনুমোদনহীন দুইটি ইটভাটায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় দুটি ইটভাটারই একাংশ ভেঙে গুঁড়িয়ে দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার (১২ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার হরিয়ানার ইউনিয়নে অবস্থিত বিকেএস এবং এইচএসবি ব্রিকস ভাটা দুইটিতে অভিযান চালানো হয়। এরমধ্যে এইচএসবি ব্রিকস ভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় পরিবেশ অধিদফতরের সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ এই অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ হাসান, পরিবেশ অধিদফতর রাজশাহীর সহকারী পরিচালক মো. কবির হোসেন এবং পরিদর্শক নীল রতন সরকার। এছাড়াও অভিযানের সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব-৫ এবং ফায়ার সার্ভিসের সদস্যরাও উপস্থিত ছিলেন।
এবিষয়ে পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. কবির হোসেন জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৯ (সংশোধিত) অমান্য করায় পবা উপজেলার এইচএসবি ব্রিকস ভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় পবা উপজেলার কালিয়ারপাড়া এলাকার বিকেএস এবং এইচএসবি ব্রিকস ইটভাটাকে বন্ধ করা হয়েছে। এছাড়াও অভিযান পরিচালনাকালে ইটভাটা মালিককে অবৈধ ইটভাটা বন্ধের, পোড়া ইটের পরিবর্তে পরিবেশ বান্ধব ব্লক ইট অথবা ফ্লাই অ্যাশ, লাইম ও জিপসামের তৈরি এফএএল- জি ইট তৈরিতে নির্দেশনা প্রদান করা হয়।
এ ব্যাপারে পবার ইউএনও আরাফাত আমান আজিজ বলেন, পরিবেশ দূষণ ও অবৈধভাবে পরিচালিত ইট ভাটাগুলো বন্ধে অভিযান চালানো হয়েছে। হাইকোর্টের নিয়ম অনুযায়ী যেসব ইট ভাটার প্রয়োজনীয় কাগজপত্র নেই, সেসব ভাটা বন্ধের নির্দেশ রয়েছে। তাই অভিযানের মাধ্যমে সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫ | সময়: ৩:৫৮ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর