, , ।
সানশাইন ডেস্ক: নারী নিপীড়ন বন্ধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার দুপুরে হাই কোর্টের প্রধান ফটকের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “অন্তবর্তীকালীন সরকারের কর্মকাণ্ডের ব্যাঘাত ঘটে আজ পর্যন্ত কোনো কর্মসূচি দেইনি। কিন্তু যদি এই ধরনের ঘটনা অব্যাহত থাকে, নারী নিপীড়ন অব্যাহত থাকে এবং সুষ্ঠু বিচার আমরা না পাই, অতি শিগগরিই ছাত্রদল আবারও রাজপথে নামতে বাধ্য হবে।”
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, “ধর্ষণ, নারী নিপীড়নের বিচার দ্রুততম সময়ে নিশ্চিত করেন। অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে। যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না করেন তাহলে আমরা আপনাদের দিকে আঙ্গুল তুলতে বাধ্য হবে।” নারী ধর্ষণ, নিপীড়ন ও নির্যাতন, বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধনের এই কেন্দ্রীয় কর্মসূচি করে ছাত্রদল।
মানববন্ধনে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, “আমাদের মনে হচ্ছে, এই অন্তবর্তীকালীন সরকার পৃথিবীর সবচেয়ে দুর্বল সরকার। দেশের সকল মানুষ সমর্থন দেওয়ার পরও তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারেনি। “বাংলাদেশে গত সাড়ে ১৫ বছরে যে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে সেজন্য গত ৭-৮ মাসে নারীর প্রতি সহিংসতা ক্রমান্বয়ে বাড়ছে। অন্তবর্তীকালীন সরকারকে অবশ্যই নারীর প্রতি সহিংস ঘটনার বিচার নিশ্চিত করতে হবে।”
তিনি বলেন, “মাগুরায় কীভাবে ৮ বছরের শিশুকে ধষর্ণ করা হয়েছে? কিন্তু এদেশের কিছু মানুষ নারীদের পোশাক নিয়ে বার বার কথা বলে, আমরা দেখেছি। নারীদের পোশাকে যদি সমস্যা হতো তাহলে কীভাবে আমার বোন, ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হয় সেটি ছাত্রদল প্রশ্ন রাখতে চায়।” নাছির বলেন, “আপনারা দেখেছেন, গত কয়েকদিন আগের নারীর প্রতি যে সহিংসতা হয়েছে তাতে কিন্তু অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছিল। কিন্তু আমরা দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি সেই ধর্ষক বা নারী নিপীড়নকারীকে তদবির করে থানা থেকে ছাড়িয়ে নিয়েছে।
“আমরা দেখেছি, নতুন যে ছাত্র সংগঠন গঠিত হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদের একজন কেন্দ্রীয় নেতা সে ইতিমধ্যে নারী নির্যাতনকারী হিসেবে দোষী প্রমাণিত হয়েছে। তাকে পর্যন্ত সেই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্বাভাবিকভাবে এই সরকারের স্টেকহোল্ডার দুই একজন গুপ্ত নেতারা এখনো নারী নিপীড়নের পক্ষে তদবির করছে। তাদের বিষয়ে সরকারের সর্তক ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমরা মনে করছি।” নারায়নগঞ্জে ছিনতাইকারীর হাতে নিহত অপূর্ব হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান ছাত্রদল সাধারণ সম্পাদক। মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় নেতা ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।