চাঁপাইনবাবগঞ্জে দিবালোকে আদালত চত্বরে ছিনতাই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শহরের আদালতসংলগ্ন এলাকায় এক ব্যবসায়ীর কাছ থেকে ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে আদালত চত্বরের রেকর্ড রুমের কাছে এই ঘটনা ঘটে। ছিনতাইয়ের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার কথা জানিয়েছেন সদর মডেল থানার ওসি মতিউর রহমান।
ছিনতাইয়ের শিকার ওই ব্যক্তির নাম মতিউর রহমান মতি। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মাঝপাড়ার বাসিন্দা। ভুক্তভোগী মতি গরু কেনাবেচাসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।
মতিউর রহমান মতি জানান, মঙ্গলবার সকাল ১০ টার দিকে কোর্চ চত্ত্বরের রেকর্ডরুমের সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলে এসে এক ব্যক্তি তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে কথা বলেন। এক পর্যায়ে তার কাছে থাকা ৩৫ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।
মতিউর রহমান মতি জানান, ওই ব্যক্তি হেলমেট পরা ছিল, এ জন্য তাকে চিনতে পারিনি। তবে তার কথাবার্তায় সন্দেহজনক মনে হয়েছিল। টাকা নেয়ার পর দ্রুত গতিতে পালিয়ে যায় সে। ঘটনার সময় রেকর্ড রুমের সামনে পুলিশের একজন কন্সটেবল দায়িত্ব পালন করছিলেন। আমার চিৎকার শুনে তিনিও এগিয়ে আসেন কিন্তু ততক্ষণে ছিনতাইকারী পালিয়ে যায়।
সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, ভুক্তভোগির অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এরইমধ্যে একটি ভিডিও ফুটেজ এসেছে পুলিশের হাতে।
তিনি বলেন, ছিনতাইয়ের সময় ছিনতাইকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়েছিল এমন অভিযোগ করেছেন ভুক্তভোগি। আমরা সে বিষয়টিও তদন্ত করে দেখছি। ঘটনার সঙ্গে যে-ই জড়িত থাক না কেন দ্রুত আমরা তাকে ধরতে সক্ষম হবো।


প্রকাশিত: মার্চ ৫, ২০২৫ | সময়: ৬:৩০ পূর্বাহ্ণ | সুমন শেখ