, , ।
স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তের বাগিচা পাড়া এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসসি এফ) এর শ্মশানী ক্যাম্পের বিএসএফ সদস্যদের ৮-৯ রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। এর আগে একই উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে নোমানসল্যান্ডে বাংলাদেশকে অবহিত না করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টার অভিযোগ উঠে। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। গুলি ছোড়ার ঘটনায় এক চোরাকার বাড়ি আহত হয়েছে।
আহত ব্যক্তি শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তবে তিন রাউন্ড গুলির শব্দ এবং একজন আহত হবার সত্যতা নিশ্চিত করেছেন ৫৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক।
৫৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে আজমতপুর সীমান্তের আন্তর্জাতিক ১৮২ মেইন পিলার হতে ১৩০ গজ দুরে ভারতীয় ভূখন্ডে গুলির ঘটনা ঘটে। এ সময় শহিদুল ইসলাম নামে এক চোরাকারবারির বুকে গুলি লেগে আহত হয় সে। এ সময় ঘটনাস্থলে ২৫ বোতল ফেন্সিডিল একটি ধারালো হাসুয়া এবং একটি টচ লাইট জব্দ করেছে বিএসএফ। ৩ রাউন্ড গুলির শব্দ আমরা পেয়েছি।
অপরদিকে ৮ নং শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম জানান, গভীর রাতে আট-নয় রাউন্ড গুলি শব্দ পাওয়া গেছে। সাধারণত উভয় দেশে চোরাকারবারিরা যখন চোরাই পণ্য পাচারের চেষ্টা করে তখন বিএসএফ এ ধরনের ফাঁকা গুলিবর্ষণ করে থাকে। তবে গুলিতে একজন আহত হয়েছে বলে শোনা গেছে।